গবেষকের সাক্ষাৎকার

ডলফিন-তিমি রক্ষায় উদাসীনতা দেখালে তাদের অস্তিত্ব বিপন্ন হবে

মীর মোহাম্মদ আলী
মীর মোহাম্মদ আলী

উপকূলে উদ্বেগজনকভাবে বাড়ছে ডলফিন ও তিমির মৃত্যু। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কেবল কুয়াকাটা সমুদ্রসৈকতেই ১৭টি ডলফিন ও ৩টি তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। ২০২০ সালে ১৮টি ও ২০২১ সালে ২৪টি মৃত ডলফিন ভেসে এসেছিল এই সৈকতে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলীর সঙ্গে।

প্রশ্ন

প্রথম আলো: জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন ও তিমি জলজ খাদ্যশৃঙ্খল রক্ষায় কী ধরনের অবদান রাখে?

মীর মোহাম্মদ আলী: বাংলাদেশের মিঠাপানির নদ-নদী, শাখা নদী, বড় খাল ও গভীর জলাধার শুশুক বা ডলফিনের উপযুক্ত আবাসস্থল ও বিচরণক্ষেত্র। এদের বলা হয় জলজ পরিবেশের সুস্থতার নির্দেশক। কারণ, যে জলাধারে ডলফিন থাকে, সেখানে জীবনচক্রের ভারসাম্য রক্ষা হয়।

প্রশ্ন

প্রথম আলো: জেলেদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে এসব প্রাণী তাঁদের জালে আটকালে আর মাছ ধরা পড়ে না। তাই জেলেরা এদের পিটিয়ে মেরে ফেলে, এটাকে কীভাবে দেখছেন?

মীর মোহাম্মদ আলী: এটা খুবই দুঃখজনক। জ্ঞানের স্বল্পতার জন্যই তাঁরা এমনটা করে থাকেন। এ ছাড়া এদের পাখনা ওষুধ ও খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় অনেক জেলে এসব প্রাণী হত্যা করেন।

প্রশ্ন

প্রথম আলো: মৎস্যভান্ডার, পানির গুণগত মান ও বায়ুমণ্ডলের কার্বনের ভারসাম্য স্থির রাখতে এদের কি কোনো ভূমিকা আছে?

মীর মোহাম্মদ আলী: শুশুক জলে বেশি থাকা মানে সুস্থ-সবল মাছের আধিক্য হওয়া। এরা পানিদূষণ রোধ করে জলজ পরিবেশ সুস্থ রাখে। জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। নদীর ছোট, দুর্বল ও রোগাক্রান্ত মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে ও অন্যান্য সুস্থ মাছের মধ্যে সংক্রমণ রোধ করে। এসব মাছ মারা গেলে কার্বন নিঃসরণ হতো, এভাবে বায়ুমণ্ডলের কার্বনের ভারসাম্য বজায় রাখায় অবদান রাখে।

প্রশ্ন

প্রথম আলো: এদের মৃত্যুর কারণ এবং তা প্রতিরোধে কী উদ্যোগ নেওয়া যেতে পারে?

মীর মোহাম্মদ আলী: বঙ্গোপসাগর দিয়ে জাহাজ, মাছ ধরার বড় ট্রলারসহ সামুদ্রিক যান চলাচল বেড়েছে। ফলে সেখানে এসব প্রাণী নির্বিঘ্নে বিচরণ করতে পারছে না। অক্সিজেন নিতে গিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে ফেলা জালের সঙ্গে পেঁচিয়ে, সাগরের প্লাস্টিক খেয়ে, মাছ ধরার ট্রলার অথবা জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তারা মারা যায়। ‘ভুতুড়ে জাল’ একটি বৈশ্বিক সমস্যা। তবে সম্প্রতি বঙ্গোপসাগর ও দেশের নদীগুলোতে সমস্যাটি প্রকট হয়ে দেখা দিয়েছে। অবহেলার কারণে জেলেদের মাছ ধরার যেসব জাল সাগরে ও সৈকতে পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়, সেগুলোতে জড়িয়ে প্রতিবছর সাগরে ও নদীতে উল্লেখযোগ্যসংখ্যক সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। এতে অস্তিত্ব–সংকটে পড়তে পারে এই প্রাণীরা।

প্রশ্ন

প্রথম আলো: বিশ্বে ইরাবতী ডলফিনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলাদেশ। এটা কেন?

মীর মোহাম্মদ আলী: বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া এই ডলফিনের বসবাস বাংলাদেশে অনেক দেশের তুলনায় বেশি। ইরাবতী ডলফিনের প্রজাতি বিশ্ব থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমানে টিকে আছে মাত্র সাত হাজার, যার প্রায় ৫ হাজার ৮০০টিই বাংলাদেশে। বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া ইরাবতী ডলফিনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলাদেশ। এর কারণ, বাংলাদেশের উপকূলীয় এলাকার নদীগুলোতে রয়েছে নোনা ও মিঠাপানির অনুকূল ভারসাম্য।

প্রশ্ন

প্রথম আলো: এসব প্রাণী রক্ষায় বিদ্যমান আইন ও সরকারি-বেসরকারি উদ্যোগ কি যথাযথ?

মীর মোহাম্মদ আলী: বাংলাদেশে বন্য প্রাণী ও মাছ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আইন হলো মাছের সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন–২০১২। ১৯৫০ সালের আইনে হাঙর রক্ষার কোনো বিধান ছিল না। ২০১২ সালের আইনে সামুদ্রিক ২৩টি মাছের সুরক্ষার কথা বলা হয়েছে।

সেই সঙ্গে সরকার বেশ কয়েকটি অভয়াশ্রম ঘোষণা করেছে এদের রক্ষায়। কিন্তু ডলফিনসহ অন্য জলজ প্রাণী হত্যায় আইন প্রয়োগের ক্ষেত্রে উদাসীনতা আছে। এতে এই প্রাণী হুমকিতে পড়ছে।