
যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসুর রহমান হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ শামছুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের মো. রাইটার, মশিয়ার রহমান, দৌলতপুর গ্রামের আজগর আলী, ভারতের ২৪ পরগনা জেলার বনগ্রাম থানার ভরতপুর গ্রামের আবদুস সাত্তার মণ্ডল, জিয়ালা গ্রামের সাধন সরকার ও বাগদাহ থানার আমডোব গ্রামের ইয়াকুব আলী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই হত্যা মামলার অপর আসামি টিটু মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ৫ মে শামসুর রহমান নিজের বাড়িতে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। রাত পৌনে আটটার দিকে আসামিরা শামসুর রহমানের সঙ্গে দেখা করার কথা বলে বারান্দায় উঠে তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করেন। বোমার বিস্ফোরণে ঘটনাস্থলে শামসুর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে গিয়াসউদ্দিন বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৮ নভেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন শার্শা থানার তৎকালীন পরিদর্শক মনোয়ার হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ মোস্তফা রাজা বলেন, মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে আটজনের মৃত্যু হয়েছে। অপর সাতজনের মধ্যে দুজন আদালতে হাজির ছিলেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে একজনকে খালাস দেওয়া হয়েছে।