
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির দুই দিন পর উদ্ধারকারী বিশেষ নৌকার সাহায্যে জাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাহাজটি এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন দুজন।
নৌ পুলিশ জানায়, আজ শুক্রবার দিনভর কাজ করে ডুবে যাওয়া জাহাজটি শাহ আমানত সেতুর পূর্ব পাশে বাকলিয়ার চর এলাকায় টেনে নিয়ে যাওয়া হয়। তবে নদীর তলদেশ থেকে জাহাজটি তুলে আনতে না পারায় জাহাজে নিখোঁজ দুজনের ভাগ্যে কী ঘটেছে, তা বলা যাচ্ছে না।
নিখোঁজ ওই দুজন হলেন জাহাজের নাবিক মো. রাকিবের বাবা আবদুল মোতালেব ও গ্রিজার প্রদীপ চৌধুরী। আবদুল মোতালেব ছেলের সঙ্গে জাহাজে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে বৃহস্পতিবার পাঁচজনের লাশ ভেসে ওঠে। এর বাইরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও একজন মারা গেছেন।
নৌ পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত একটার দিকে র্যাংকন ওশেনা কোম্পানির মাছ ধরার জাহাজ ‘এফবি মাগফেরাত’ সি-রিসোর্স নামের ডকইয়ার্ডে মেরামতের জন্য ওঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, জাহাজটি বিশেষ নৌকার মাধ্যমে সরিয়ে নেওয়া হলেও এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। এখনো নিখোঁজ আছেন দুজন। শনিবার নাগাদ উদ্ধারকাজ শেষ হতে পারে বলে তিনি জানান।