রংপুর চিড়িয়াখানায় এই প্রথম বাচ্চা দিয়েছে জল নূপুর নামের জলহস্তী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গর্ভধারণের ৮ মাস পর এ বাচ্চা প্রসব করে জলহস্তীটি। বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। তবে কী বাচ্চা, তা এখনো জানা যায়নি।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ১৯৮৯-১৯৯০ সালে রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর থেকে একটি পুরুষ জলহস্তী ছিল। সেই বয়স্ক জলহস্তী মারা গেলে ২০২০ সালের আগস্ট মাসে ঢাকা চিড়িয়াখানা থেকে স্ত্রী ও পুরুষ দুটি জলহস্তী নিয়ে আসা হয়। পুরুষ জলহস্তীর নাম কালা পাহাড় ও স্ত্রী জলহস্তীর নাম জল নূপুর। রংপুর চিড়িয়াখানায় নতুন জন্ম নেওয়া বাচ্চাটি তার মায়ের সঙ্গে আছে।
রংপুর চিড়িয়াখানার কর্মকর্তা এইচ এম শাহাদাত বলেন, ‘আমরা যখন বুঝতে পারলাম জলহস্তী জল নূপুরের পেটে বাচ্চা এসেছে, তখন থেকে বিশেষ পরিচর্চা নেওয়া হয়। দীর্ঘ ৮ মাস প্রতীক্ষার পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাচ্চা প্রসব করে। বাচ্চার ওজন ২৫-২৮ কেজি হবে। বাচ্চা সুস্থ আছে।’
চিড়িয়াখানার কিউরেটর আমবার আলী তালুকদার বলেন, জলহস্তীর পেটে বাচ্চা আসার পর থেকেই সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে। নিরাপদে বাচ্চা প্রসবের জন্য পুরুষ জলহস্তীকে আলাদা আবাসস্থলে নেওয়া হয়েছে। অনুকূল পরিবেশের কারণে রংপুর চিড়িয়াখানার সব বন্য প্রাণী ও পাখি সুস্থ আছে। বংশবৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রংপুর চিড়িয়াখানা বন্য প্রাণীর একটি সংরক্ষণকেন্দ্রে পরিণত হয়েছে।