পুলিশ পরিচয়ে প্রতারণা, পুলিশের হাতে গ্রেপ্তার

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চারজন। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের রুবেল রানা। বাসা ভাড়া নিয়ে থাকেন গাজীপুরে। খেলনা পিস্তল নিয়ে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতেন। পুলিশের পোশাক পরে উপপরিদর্শকের ব্যাজ পরিহিত ছবি দিয়ে পরিচয়পত্রও তৈরি করেছেন। হাতে পুলিশের মতো দেখতে ওয়াকিটকি ও পুলিশ লেখা নোটবুক। এরপর তিনি এটিএম বুথে গিয়ে কারখানার শ্রমিকদের কাছে পুলিশ পরিচয় দিয়ে হাতিয়ে নিতেন এটিএম কার্ড; তুলে নিতেন টাকা। অবশেষে রুবেলসহ তাঁর চার সহযোগী গ্রেপ্তার হয়েছেন পুলিশের কাছে।

গত রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আন্ডারপাসের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, একটি কালো রঙের ওয়াকিটকি, দুটি আলাদা কালো অ্যান্টেনা, ছয়টি ব্যাংকের এটিএম কার্ড, সাতটি সিম, একটি আইফোন, পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, একটি বাংলাদেশ পুলিশ লেখা নীল রঙের নোটবুক উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুবেল রানা (২৬) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফটিয়ামারী এলাকার তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছার কমলেশ্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর সহযোগীরা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার শোড়াতলা গ্রামের তুষার ইসলাম (৩৭), বরিশালের আগৈলঝড়া থানার অশোক সেন এলাকার সবুজ মোল্লা (৩৪) ও পঞ্চগড়ের বোদা থানার দিগলগ্রাম এলাকার খাইরুল ইসলাম (৩১)।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে পুলিশের পরিচয়ে রুবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে তাঁদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে তুষার, সবুজ মোল্লা ও খাইরুলের গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন বলেন, রুবেল পুলিশ পরিচয় দিয়ে চারটি বিয়ে করেছেন। এ ছাড়া চক্রটির সদস্যরা পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শন করে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। পরে গোপনে ভিডিও করে রাখতেন। পরবর্তী সময়ে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ আদায় করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।