
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদালতের আদেশের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। আজ রোববার দুপুরে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
আজ দুপুরে খুলনা আদালতপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করা হয়। পথসভায় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এতেই এই অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জনগণ এবার রাজপথে নেমেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। চলমান আন্দোলনেই অবৈধ সরকার বিদায় নিতে বাধ্য হবে।
পথসভায় আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান, বিএনপি নেতা শের আলম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, মোমরেজুল ইসলাম, এনামুল হক, আবদুর রাজ্জাক, হাফিজুর রহমান, আশফাকুর রহমান, মজিবুর রহমান, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি কখনোই প্রহসনের নির্বাচনে যাবে না। নেতা-কর্মীরা নিজেদের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এ দেশে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। যতই হামলা-মামলা আর বাধা আসুক না কেন, অবৈধ সরকারের কোনো বাধাই জনগণ আর মানবেন না। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।