গতকাল বুধবার সকাল পর্যন্ত বিভাগে ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ৫১ জন।
২০২১ সালে অন্তত ২০০ রোগী শনাক্ত হয়েছিল এই বিভাগে। তবে কেউ মারা যায়নি।
প্রচার-প্রচারণা বাড়াতে সরকারি সব দপ্তরের প্রধানের সঙ্গে অনলাইনে বৈঠক করা হয়েছে।
বরিশাল বিভাগে ডেঙ্গুর রোগী বেড়েছে। গত দেড় মাসে ৭৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন পাঁচজন। মূলত সেপ্টেম্বর মাসে এই বিভাগে ডেঙ্গু রোগী বাড়তে থাকে। তা এখনো অব্যাহত আছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত বিভাগে ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ৫১ জন। বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সেপ্টেম্বরে মারা যান। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর একজন মারা যান।
স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গুতে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে তিনজন নারী। দুজন বরগুনার, দুজন পিরোজপুরের এবং একজন বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের অধিকাংশেরই ঢাকা বা অন্য শহরে ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যুর আগে ভ্রমণের ইতিহাস ছিল না। এর মধ্যে বরগুনা সদর উপজেলার শাহিন বিশ্বাস (১৮) একজন। বরগুনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহিন গত ৩০ সেপ্টেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাহিনের বাবা বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের আবু হানিফ বিশ্বাস একজন কৃষক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে ছোটবেলায় একবার ঢাকায় গিয়েছিল। এরপর ১০-১২ বছরে কখনো বাড়ির বাইরে যায়নি। আক্রান্ত হওয়ার দুদিনের মধ্যে তার মৃত্যু হয়েছে।’
শুধু শাহিন নয়, বরগুনার পাথরঘাটা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের খাসপুকুর এলাকার বাসিন্দা আকলিমা বেগমের (৩৫) পরিবারের সাতজন ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায়, অপর একজনকে বরিশালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আকলিমা বেগম বলেন, আক্রান্ত সাতজনের কারও দু-এক বছরে ঢাকা বা অন্য কোথাও ভ্রমণের ইতিহাস নেই।
এই উপজেলার মঠেরখাল গ্রামের আকলিমা বেগম (৫৫) ও তাঁর পরিবারের আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত। তাঁরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁদেরও ঢাকা বা অন্য কোথায় ভ্রমণের ইতিহাস নেই।
আক্রান্তদের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সোমবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ৫১ জন। বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পিরোজপুর জেলায়। এই জেলায় এ পর্যন্ত ১১১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন দুজন। দ্বিতীয় অবস্থানে বরগুনা জেলা। এই জেলায় ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্ত ৬৫৯ জনের মধ্যে ২৬৯ জনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত মঙ্গলবার সকাল পর্যন্ত এই বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
বরিশাল বিভাগে ব্যাপক হারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল ২০১৯ সালে। ওই বছর বিভাগের প্রায় সাড়ে ৭ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ১৯ জনের।
দক্ষিণাঞ্চলে আগে কখনো ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই। ওই বছরও প্রথম পিরোজপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ওই জেলায়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেরই ঢাকা বা অন্য স্থানে ভ্রমণের ইতিহাস ছিল না। ফলে এ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন ছিলেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রোগতত্ত্ব ও কীটতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞেরা এ বিষয়ে অনুসন্ধান চালান।
২০২০ সালে বিভাগে ডেঙ্গুর তেমন প্রকোপ না থাকলেও ২০২১ সালে অন্তত ২০০ রোগী শনাক্ত হয়েছিল এই বিভাগে। তবে কেউ মারা যায়নি।
হঠাৎ করে বিভাগের সর্বত্র ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত মশারি ও ওষুধ সরবরাহ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। সবাইক সচেতন করতে প্রচার-প্রচারণা বাড়াতে সরকারি সব দপ্তরের প্রধানের সঙ্গে অনলাইনে বৈঠক করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মশকনিধন এবং শহর-গ্রামের বাড়িঘর, সরকারি-বেসরকারি কার্যালয়গুলো নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখা, পৌরসভা, সিটি করপোরেশনগুলো মশকনিধনে কার্যকর উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।