
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের হাতে স্ত্রীসহ হামলা, মারধরের শিকার হয়েছেন বলে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিযোগ করেছেন। তাঁর নাম সাহিদুল ইসলাম।
সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে আনসার সদস্যদের ভাষ্য ভিন্ন। তাঁরা বলছেন, মারধর করে উল্টো হামলার অভিযোগ করছেন ওই এএসআই ও তাঁর স্ত্রী।
এএসআই সাহিদুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানায় কর্মরত। তাঁর স্ত্রীর নাম রুমা খাতুন। তাঁদের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী ইউনিয়নের হাসরাজ গ্রামে।
সাহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার দেড় মাস বয়সী শিশু সিয়াম নিউমোনিয়ায় আক্রান্ত। চার দিন আগে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলায় শিশু ওয়ার্ডে ভর্তি করি। আজ সকালে একটা কাজে ওয়ার্ডের বাইরে যাই। বেলা ১১টার দিকে স্ত্রী রুমা কল করলে শিশু ওয়ার্ডের ঢোকার সময় আনসার সদস্যরা ভেতরে যেতে বাধা দেন। এ সময় পুলিশের পরিচয় দিলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গালাগাল করতে থাকেন তাঁরা। হইচই শুনে ভেতর থেকে আমার স্ত্রী এসে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে আনসার সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিন-চারজন আনসার সদস্য আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করেন। রুবেল নামের একজন আনসার সদস্য আমার স্ত্রীর গালে থাপ্পড় দেন। এ সময় আমার স্ত্রীর সঙ্গে আনসার সদস্যদের ধস্তাধস্তি হয়। হাসপাতাল প্রশাসনের কাছে নেওয়ার কথা বলে নিচতলায় নামিয়ে আনসার সদস্য শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মোমিনসহ কয়েকজন দ্বিতীয় দফা আমাদের মারধর করেন। এ সময় আমার পেটেও লাথি মারেন একজন।’
তবে হাসপাতাল প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়ে গেছে বলে দাবি করেন আনসার ভিডিপির বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই হাসপাতালে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে কথা বলেছি। একজন আনসার সদস্য আহত হয়েছেন। তাঁরা জানিয়েছেন, হাসপাতালের পরিচালকের ওয়ার্ড পরিদর্শন করার কথা ছিল। এ কারণে বাইরের দর্শনার্থীর প্রবেশ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী ভেতরে যেতে চান। এটা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর স্ত্রী ওই আনসার সদস্যকে মারধর করেন।’
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা বলেন, আনসার সদস্যদের সঙ্গে পুলিশের এক এএসআইয়ের সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে মিটমাট হয়ে গেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে বগুড়া জেলা পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’