ভেড়ামারায় দুপুরে জরিমানা, সন্ধ্যায় সড়ক অবরোধ

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন রোববার বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন।

এদিকে ওই জরিমানা করায় শ্রমিক ইউনিয়নের নেতারা সন্ধ্যায় ভেড়ামারা শহরে সড়কে অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রেকসোনা খাতুন প্রথম আলোকে জানান, দুপুরে বাগগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার দায়ে একটি ভেকু মেশিনের মালিককে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু পরিবহনের দায়ে দুটি ডাম্প ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিকেলের দিকে জরিমানার দেড় লাখ টাকা উপজেলায় গিয়ে পরিশোধ করেন প্রত্যেক মালিক।

এদিকে দুপুরে এমন জরিমানা করায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ রেলগেট এলাকায় শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও চালকেরা ডাম্প ট্রাক আড়াআড়ি করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট সড়ক বন্ধ ছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নেতাদের ডেকে থানায় নিয়ে যায়। সেখানে বৈঠকে বসেন তাঁরা।

জানতে চাইলে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংকলরি, দাহ্যপদার্থ, মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকবর বলেন, গাড়ির কাগজপত্র থাকার পরও অন্যায়ভাবে গাড়ি জব্দ করা হয়। এ জন্য সড়ক অবরোধ করা হয়। জরিমানা না নেওয়ার জন্য সড়ক অবরোধ করা হয়েছিল। ওসির কথায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।