নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শিক্ষক হরলাল দেবনাথ ও লক্ষ্মীরানী ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রংমালা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীরানী ভৌমিককে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
একপর্যায়ে ডাকাতেরা হরলাল দেবনাথকে মারধর করে তাঁর ভাই কান্তি লাল দেবনাথের পাশের ভবনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকাসহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতেরা চলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম ডাকাতির ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। তবে বিকেল পর্যন্ত তাঁরা থানায় লিখিত অভিযোগ দেননি।