
কারখানাগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামে। এসব কারখানার কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হতে পারে মানুষ।
চারপাশে শান্ত সবুজ প্রকৃতি। আশপাশে জনবসতি। আছে ফসলি জমি ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যেই গড়ে তোলা হয়েছে কয়লা তৈরির চারটি কারখানা। এসব কারখানার অধশর্তাধিক চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। চুল্লির কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে এলাকায়। এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এসব কারখানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামে। দীর্ঘ সময় কালো ধোঁয়া বের হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে এই গ্রামের হাজারো মানুষ। এতে জমির ফসল নষ্ট হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে জীবনপুর গ্রাম। গ্রামটি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জীবনপুর গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় পাশাপাশি তিনটি কয়লা তৈরির কারখানা। একটি প্রায় এক বিঘা জমিতে গড়ে উঠেছে। এখানে ১৫-১৮টি চুল্লিতে কাঠ পোড়ানো হচ্ছে। স্থানীয় রাজা মিয়া এই কারখানা গড়ে তুলেছেন। এ কারখানার প্রায় ৫০০ গজ দূরে আরেকটি কারখানা। এটি প্রায় দেড় বিঘা জায়গায় গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় ২০টি চুল্লিতে কাঠ পোড়ানো চলছে। এই কারখানার মালিক স্থানীয় বকুল মিয়া, ফুল মিয়া, সোহরাব আকন্দ ও মো. সুমন।
এই কারখানার ৫০০ গজ দূরে জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০০ গজ দূরে তৃতীয় কারখানা। এর মালিক স্থানীয় শরিফুল ইসলাম ও মামুন মিয়া। এ কারখানায় ৮-১০টি চুল্লি রয়েছে। এসব কারখানার চারদিকে উঠতি আমন ফসলের মাঠ ও বসতবাড়ি। দীর্ঘদিন ধরে এসব কারখানায় গাছের গুঁড়ি দিয়ে কয়লা তৈরি হচ্ছে।
চুল্লির কারণে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।ওয়াজিউর রহমান, আহ্বায়ক, পরিবেশ আন্দোলন, গাইবান্ধা
ইট দিয়ে চুল্লি বানিয়ে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। চুল্লিতে গাছের গুঁড়ি পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। চুল্লির চারদিকে রাখা গাছের গুঁড়ি ও শুকনা কাঠ। পোড়ানোর সময় প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়। চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে গাছের গুঁড়ি, খড়ি ও কাঠ সাজানো। একপাশে চুল্লির মুখ খোলা। সেদিক দিয়ে গাছের গুঁড়ি, খড়ি দেওয়া হয়। পরে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি চুল্লির উচ্চতা সাত-আট ফুট। এগুলোর ব্যাস ছয়-সাত ফুট।
এসব কারখানার কয়েকজন শ্রমিক বলেন, খুলনা থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো হচ্ছে। বেশির ভাগ চুল্লিতে আগুন জ্বলছে। চুল্লি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। প্রতিটি চুল্লিতে ১৫০ মণ গাছের গুঁড়ি দিয়ে ভরাট করে আগুন দেওয়া হয়। এক মণ খড়ি পুড়ে পাঁচ-ছয় কেজি কয়লা পাওয়া যায়।
কারখানারগুলোর মালিকেরা বলেন, কয়লা নানা কাজে লাগে। এসব কয়লা দেশের বিভিন্ন স্থানে ব্যাটারি, মশার কয়েল, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও সিসা তৈরির কারখানায় বিক্রি করা হয়। তাদের প্রতিনিধিরা এসে কয়লা নিয়ে যান। প্রতি মণ খড়ি ১৩০ টাকায় কিনে প্রতি মণ কয়লা ৮০০ টাকায় বিক্রি করা হয়।
জীবনপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, কয়লা তৈরির কারখানার ধোঁয়ার কারণে ঘরের বাইরে শিশুদের নিয়ে যাওয়া যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, এসব কারখানা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়েই এসব কারখানা গড়ে তোলা হয়েছে। এখানে অবৈধভাবে কয়লা তৈরি হচ্ছে।
লোকালয়ে কয়লা তৈরির কারখানা স্থাপনের বিষয়ে জানতে চাইলে কারখানামালিক সুমন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রামের বাড়ির চুলায় রান্নার কাজে খড়ি ব্যবহার করলে যেমন পরিবেশের ক্ষতি হয় না, তেমনি এগুলো পরিবেশের ক্ষতি করে না। আমরা ব্যবসা করছি, তাই শক্রতাবশত আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।’ তিনি দাবি করেন, ‘পরিবেশ অধিদপ্তর থেকে এগুলো বন্ধের জন্য ১০ দিনের সময় দিয়েছে। আমরা এগুলো গুটিয়ে নিচ্ছি।’
তবে চিকিৎসকেরা বলছেন, চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, চুল্লির উচ্চতা বজায় না রাখলে কালো ধোঁয়ায় বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
অবিলম্বে অবৈধ এসব কারখানা বন্ধের দাবি জানান পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান। তিনি বলেন, চুল্লির কারণে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, ওই সব কারখানার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।