নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগানটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায়
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগানটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায়

পুকুরে মাছ ধরছিলেন জেলেরা, জালে উঠল গণ–অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জালে উঠে এসেছে পুলিশের একটি শর্টগান। পরে অস্ত্রটির রেজিস্টার যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার জন্য ওই পুকুরে জেলেরা জাল ফেলেছিলেন। হঠাৎ একটি শর্টগান জালে আটকে ওঠে। বিষয়টি জানাজানি হলে আড়াইহাজার থানা-পুলিশ গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন যে উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এত দিন সেখানে পড়ে ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।