ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তিন ডাকাত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন মো. ফারুক, আবদুল হান্নান ও প্রাইভেট কারের চালক আরিফুল ইসলাম। ডাকাতেরা পিটিয়ে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আহত করে। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক ডাকাত আহত হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে একটি প্রাইভেট কার ব্যবহার করে তিন ডাকাত পাক্কা মসজিদ এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাকে ডাকাতি করে। এ সময় তাঁরা ট্রাকের ব্যাটারি ও চালকদের পিটিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেন। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের দুটি দল ডাকাতদের ধাওয়া করে ভাটিয়ারী এলাকায় গিয়ে আটক করে। এ সময় তাঁদের প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক ডাকাত আঘাত পায়। আহত ডাকাত এবং ভুক্তভোগী ট্রাকের চালক ও সহকারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক রাসেল বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মূলত মহাসড়কে গাড়ির সামনের রড ফেলে প্রথমে গাড়ি থামায় ডাকাতেরা। পরে চালক ও সহকারীকে মারধর করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।