
জামালপুর সদর উপজেলায় স্ত্রীসহ ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। গতকাল শনিবার রাতে উপজেলার মহেশপুর কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম রাজু আহমেদ। তিনি জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার লিয়াকত আলীর ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম সাদিয়া আক্তার। তিনি জামালপুর শহরের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ রোববার বেলা ১১টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে রাজু আহমেদের লাশ দাফন করা হয়েছে।
নিহত রাজু আহমেদের শ্বশুর হজরত আলী প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারে রাজু আহমেদের চাকরি হয়। দুই বছর ধরে চাকরি করছিলেন। এক বছর আগে পারিবারিকভাবে রাজুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁরা দুজনে সুখেই ছিলেন। গতকালও ঘুরতে বের হয়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কলেজশিক্ষক রাজু আহমেদ মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বেড়াতে বের হন। দুজনে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের মহেশপুর কালীবাড়ি এলাকায় হঠাৎ তাঁর মোটরসাইকেলের সামনে এক বৃদ্ধ নারী চলে আসেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে রাজু আহমেদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এতে রাজু ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাঁর স্ত্রী একই হাসপাতালে চিকিৎসাধীন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।