
সংগঠনটির কোনো নিবন্ধন নেই। ঘরটি ক্ষমতাসীন দলের এক ব্যক্তি নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
খালটি দিয়ে ২০ বছর আগেও নৌকা চলাচল করত। ছিল বিভিন্ন এলাকায় যোগাযোগের অন্যতম মাধ্যম। দখলদারদের কারণে সেই খালের অবস্থা এখন যায় যায়। খালের অনেকটা জায়গা এরই মধ্যে নিশ্চিহ্ন। যেটুকু অবশিষ্ট আছে, তাতে নজর পড়েছে ‘প্রকাশ’ নামে একটি সামাজিক সংগঠনের। খালের প্রবহমান অংশে নিবন্ধনহীন সংগঠনটি পাকা পিলারের ওপর গড়ে তুলেছে একটি ঘর।
‘কল্যান্দী’ নামে খালটির অবস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায়। বন্দরের হাজিপুর এলাকার ত্রিবেণী খাল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি শাখা খাল কল্যান্দী আদমপুর হয়ে সাবদী এলাকায় গিয়ে শেষ হয়েছে। এর শুরুর অংশটি স্থানীয়ভাবে কল্যান্দী খাল নামে পরিচিত।
খালটির সুবর্ণ অতীত তুলে ধরেন স্থানীয় মানুষ অনেকে। জাহাঙ্গীর আলম নামের একজন বলেন, ২০ বছর আগেও খালটিতে তিনি নৌকা চলাচল করতে দেখেছেন। ৩০ বছর আগে এই খালই তাদের যাতায়াতের একমাত্র উপায় ছিল। কিন্তু গত ১৫ বছরে খাল দখল এতই বেড়েছে যে কল্যান্দী এলাকায় খালটি এখন অস্তিত্বহীন হয়ে যাচ্ছে।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কলাগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার কল্যান্দী সেতুর উত্তরে প্রায় ২০০ গজ ও দক্ষিণে প্রায় ১০০ গজ এলাকায় এখনো খালের অস্তিত্ব আছে। তবে আশপাশে খালের অন্তত এক কিলোমিটারে অনেক জায়গায় বালু ভরাট করে কাঁচা–পাকা বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে।
সেতুর দক্ষিণ পাশে যে অংশটি দেখে খালের অস্তিত্ব বোঝা যায়, সেখানে স্থাপন করা হয়েছে নয়টি পাকা পিলার। এসব পিলারের চারটির ওপর লোহা ও কাঠের তৈরি মাচায় নির্মাণ করা হয়েছে একটি টিনের ঘর। লাল সবুজের রঙে রাঙানো ঘরটি বাইরে থেকে তালা দেওয়া। ঘরটির একপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো। ঘরটি প্রকাশের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। সেতুর উত্তর পাশেও একইভাবে খাল দখল করে আরও দুটি ছোট টিনের ঘর তৈরি করা হয়েছে। একটি চায়ের দোকান, আরেকটি মনোহারির দোকান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, খাল দখলের সঙ্গে সরাসরি স্থানীয় রাজনৈতিক লোকজন জড়িত। খালটির কোথাও ধর্মীয় প্রতিষ্ঠান, কোথাও রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নামে দখল করা হয়েছে। তিন বছর আগে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা সামাজিক সংগঠন ‘প্রকাশ’–এর নামে খালের প্রবহমান শেষ অংশটুকুও দখল শুরু করেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ হয়। কিন্তু পিলারগুলো সরানো হয়নি। ফলে পিলারে কচুরিপানা–আবর্জনা আটকে ক্রমেই খালের শেষ অংশটুকুও ভরাট হয়ে যাচ্ছে। খালের এই অংশটুকু দখল হয়ে গেলে কল্যান্দী খালের আর কোনো চিহ্ন থাকবে না।
স্থানীয় একজন দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালের মূল প্রবহমান জায়গায় সামাজিক সংগঠনের নামে যে ঘরটি নির্মাণ করা হয়েছে, সেটি মূলত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শরিফের ব্যক্তিগত কার্যালয় হিসেবে পরিচিত। এই ঘরের ভেতরে খেলাধুলা, আড্ডা ও বিচার সালিস বসে।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক সংগঠন হিসেবে প্রকাশ–এর কোনো নিবন্ধন নেই। বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন শরিফ। মুঠোফোনে কথা হলে তিনি নিজেকে কলাগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হিসেবে পরিচয় দেন।
খাল দখলের বিষয়ে প্রথম আলোকে শরিফ বলেন, ‘সরকার মনে করলে স্থাপনা সরিয়ে নেবে। এমনকি তারা চাইলে আমাদের কার্যালয়ও নিয়ে নিতে পারে। আমাদের তাতে কিছু বলার থাকবে না।’
খালের মধ্যে স্থাপনার বিষয়টি জানা নেই উল্লেখ করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।