জাজিরা সেটেলমেন্ট অফিস

টাকা ছাড়া কাজ হয় না, পদে পদে হয়রানির অভিযোগ 

শরীয়তপুর জেলার মানচিত্র
শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুরের জাজিরা উপজেলা সেটেলমেন্ট অফিসে জমির জরিপের কাগজপত্র সংশোধন করতে দিতে হয় টাকা। টাকা না দিলে করা হয় হয়রানি। দপ্তরটির কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই দপ্তর ঘিরে একটি দালাল চক্র গড়ে উঠেছে, যারা টাকা আদায় করছে।  

২০১৭-২০১৮ অর্থবছর থেকে জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ ডিজিটাল সার্ভের (বিডিএস) কাজ চলছে। বিভিন্ন ইউনিয়নের মাঠপর্যায়ের কাজ শেষ করেছে সার্ভেয়ার ও সার্ভে সহায়কেরা। মাঠপর্যায়ে যে পরচা দেওয়া হয়েছে, এখন তা সেটেলমেন্ট অফিসে সত্যায়িত করার কাজ চলছে৷ জরিপে কোনো জমি নিয়ে আপত্তি উঠলে, সেগুলোর আপিল কেস শুনানি চলছে। ভুক্তভোগী ব্যক্তিরা নিজ নামে জমির সংশোধন করাতে আপিল করেছেন। আপিল শুনানিতে অংশ নিতে সেটেলমেন্ট অফিসে টাকা দিতে হচ্ছে জমির মালিকদের।

জমির জরিপের কাগজপত্র সংশোধন করতে দিতে হয় টাকা। দালাল চক্র গড়ে উঠেছে, যারা টাকা আদায় করে। 

উপজেলার বিলাশপুর ইউনিয়নের দাইমুদ্দিন খলিফা কান্দি গ্রামের সালেহা বেগমের পৈতৃক ১০ শতাংশ জমি তাঁর ভাতিজা রেকর্ড করে নিয়েছেন। তা সংশোধন করতে চার মাস ধরে যাচ্ছেন সেটেলমেন্ট অফিসে। আপিল করার সময় একজনকে ছয় হাজার টাকা দিতে হয়েছে।
শুনানিতে অংশ নেওয়ার সময় দিতে হচ্ছে এক হাজার করে টাকা।

গত বুধবার জাজিরা সেটেলমেন্ট অফিসের বারান্দায় বসে কাঁদছিলেন সালেহা। তিনি প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক সম্পত্তি থেকে ভাতিজা আমাকে বঞ্চিত করছে। জরিপের কর্মকর্তারা জমি আমার নামে না দিয়ে ভাতিজার নামে দিয়েছেন। এখন সংশোধনের জন্য ঘুরছি। কয়েক দফায় টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, টাকা পাব কোথায়?’ 

বিলাশপুরের দুলাল সরদারের দুই শতাংশ জমি প্রতিবেশী এক ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। তা সংশোধন করে দেওয়ার কথা বলে খণ্ডকালীন এক সার্ভে সহায়ক আড়াই হাজার টাকা নিয়েছেন। আপিল আবেদন না করে দিয়েই ওই ব্যক্তি কাজ ছেড়ে চলে গেছেন। এখন কেউ আর দুলালকে আপিল করতে সাহায্য করছেন না। আপিল করতে হলেও তাঁকে টাকা দিতে হবে। 

দুলাল সরদার বলেন, ‘জরিপে জমির অংশ কম লেখেন, অন্য দাগ তুলে দেন। এর পর তা সংশোধন করতে টাকা দাবি করেন। আমার জমি ঠিক করতে যাঁকে টাকা দিয়েছিলাম, তিন এ অফিস থেকে চলে গেছেন। নতুন করে আপিল করার জন্য টাকা চাচ্ছেন। এমন করলে আমরা কোথায় যাব?’

গত বুধবার জাজিরা সেটেলমেন্ট অফিসে গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ ডিজিটাল জরিপের বিভিন্ন কাজ নিয়ে এসেছেন। সাড়ে ১২টার দিকে দেখা যায় ওই দপ্তরের সার্ভেয়ার তানভীর মাহমুদ এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা নাদিম সিকদার নামের এক ব্যক্তি জমির মালিকদের কাগজপত্র সংশোধন করে দেবেন এমন কথা বলে টাকা নিচ্ছেন। 

এ সম্পর্কে জানতে চাইলে সার্ভেয়ার তানভীর হাসান তাঁর চেয়ার থেকে উঠে চলে যান। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। এ অভিযোগ মিথ্যা।’ 

নাদিম সিকদার বলেন, ‘অনেক জমির মালিক কাগজপত্র বোঝেন না। তাঁদের কাগজপত্র বুঝিয়ে দিই। তাঁরা খুশি হয়ে কিছু টাকা দেন।’ 

নাম প্রকাশ না করার শর্তে একজন উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বলেন, জনবল সংকটের কারণে চুক্তিভিত্তিক কিছু কর্মী দিয়ে মাঠপর্যায়ে কাজ করানো হয়েছিল।  সেখানে কিছু সমস্য সৃষ্টি হয়েছে। তাঁরা কিছু অনিয়ম করেছেন। যা নিয়েই এখন আলোচনা হচ্ছে। 

উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা হাসান আলী বলেন, আপিল করার সময় কোর্ট ফি ছাড়া কোনো টাকা নেওয়ার কথা নয়। এই অফিসে জমির মালিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এমন তথ্য কেউ জানাননি। কোনো ভুক্তভোগী অভিযোগও করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইউএনও কামরুল হাসান বলেন, সেটেলমেন্ট অফিসের যাঁরা এ কাজটা করছেন, তাঁদের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেননি তিনি। জরিপে জটিলতা হতে পারে এমন আশঙ্কায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করতে চান না।