সাক্ষীরা না চিনলেও পুলিশের নাশকতার মামলায় বিএনপির নেতা-কর্মীরা আসামি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী মাদ্রাসা রোড এলাকার নিউ আল মদিনা হোটেল। রোববার রাতে এই হোটেলে দুষ্কৃতকারীরা ভাঙচুর করে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সমাবেশে ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। অথচ মামলার এক সাক্ষী ও তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত রোববার রাতে ওই ঘটনাটি ঘটেছে। বিএনপির ওই সমাবেশ ছিল বিকেলে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সাক্ষী ও প্রত্যক্ষদর্শীরা চিনতে পারেননি। এ মামলাকে ‘গায়েবি’ হিসেবে দেখছেন স্থানীয় বিএনপির নেতারা।

সাক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন এশার নামাজের পর হঠাৎ সাত-আটজন যুবক সড়কে টায়ারে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও কয়েকটি কাভার্ড ভ্যানের কাচ ভাঙচুর করে পালিয়ে যান। তাঁদের মুখে মাস্ক পরা ছিল। দুষ্কৃতকারীদের তাঁরা কেউ চিনতে পারেননি বলে পুলিশের কাছে সাক্ষ্যও দিয়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মামলার এজাহারে ৩ নম্বর আসামি করা হয়েছে সিদ্ধিরগঞ্জের হাজি মাদ্রাসা রোড এলাকার নিউ আল মদিনা হোটেলের মালিক হুমায়ুন কবিরকে। রোববার তাঁর হোটেলের সামনের সড়কে টায়ারে আগুন ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। হুমায়ুন কবির বলেন, পাঁচ–ছয়জন অল্প বয়সী ছেলে এসে প্রাইভেট কার থেকে নেমে সড়কে টায়ারে আগুন দেয়। দোকানের ঝাঁপে বাঁশ দিয়ে আঘাত করে। এ সময় তিনি ভয়ে সরে যান। হামলাকারীদের সবার মুখ বাঁধা ছিল। তাই চিনতে পারেননি। মামলায় বিএনপি নেতাদের আসামি করা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আমরা দুষ্কৃতকারীদের কাউকে চিনি নাই। নামও বলতে পারি নাই। পুলিশ কীভাবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করে মামলা করেছে, তা আমাদের জানা নেই।’

মামলায় অপর দুই সাক্ষী হলেন এক নম্বর সাক্ষী হুমায়ুন মিয়া ও দুই নম্বর সাক্ষী সুমন হাওলাদার। এজাহার অনুযায়ী তাঁদের বাড়ি খুঁজে পাওয়া যায়নি। ফলে তাঁদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। মালার বিষয়ে জানতে চার নম্বর সাক্ষী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হকের সঙ্গে মুঠোফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। পাঁচ নম্বর সাক্ষী পুলিশের কনস্টেবল পল্লবচন্দ্রকে কল করা হলে তিনি বলেন, ‘থানায় আইসেন, সামনাসামনি বসে কথা বলব। এ বিষয়ে কথা না বলার জন্য ওসি স্যারের নির্দেশনা আছে।’

বুধবার বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের হাজি মাদ্রাসা সড়কের মোড়ে মৌচাক সড়কে গাড়ির কাচের টুকরা ভাঙা পড়ে আছে। নিউ আল মদিনা হোটেলের টিনের ঝাঁপ ভাঙা। ঘটনার সময় উপস্থিত ছিলেন ওই এলাকার চায়ের দোকানি বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম ও আসবাব ব্যবসায়ী আবদুল মান্নান। তাঁদের দোকান পাশাপাশি। দুষ্কৃতকারীদের কেউ চিনতে পারেনি বলে জানিয়ে তাঁরা বলেন, রোববার বিএনপি বিকেলে কর্মসূচি করেছে। আর নাশকতার ঘটনা ঘটেছে রাত সাড়ে আটটা-পৌনে নয়টার দিকে।

জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ করে অল্প বয়সী কয়েকজন ছেলে টায়ারে আগুন জ্বালায়, কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তাঁকে উদ্দেশ করে গালি দিয়ে দোকান বন্ধ করতে বলে। এ কথা বলেই তাঁর দোকানে পেট্রল ছুড়ে মারে। এতে দোকানে আগুন ধরে যায়। তিনি লাফ দিয়ে দোকান থেকে বের হয়ে যান। আগুন নেভাতে গিয়ে তাঁর ডান হাতের আঙুল পুড়ে যায়। তিনি বলেন, মুহূর্তের মধ্যে ঘটনা। হামলাকারীদের চেনা যায়নি। মুখে মাস্ক পরা ছিল। তাদের কোনো মিছিল ও স্লোগান দিতেও দেখা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলাটি করা হয় সোমবার দিবাগত রাতে। বাদী থানার এসআই মশিউর রহমান। এতে মামলায় প্রধান আসামি করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে। অপর আসামিরা সবাই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

এজাহারে ঘটনাস্থল থেকে ৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২টি চার ফুট লম্বা বাঁশের লাঠি, ৫টি তিন ফুট লম্বা রড, একটি আগুনে পোড়া টায়ার ও ভাঙা কাচের টুকরা জব্দের তালিকায় দেখিয়েছে পুলিশ। ওই ঘটনাটি যে বিএনপির নেতা-কর্মীরা ঘটিয়েছেন, সেটি নিশ্চিত হলেন কীভাবে, প্রশ্নে মামলার বাদী এসআই মশিউর বলেন, ‘আপনি আইসেন। আসলে সামনাসামনি কথা বলব।’ এ কথা বলেই ফোনের সংযোগ কেটে দেন। এরপর তাঁকে কয়েক দফা ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশ মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ওই দিন বিকেলে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। পুলিশের মদদে সরকারি দলের লোকজন ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের আসামি করে ‘গায়েবি’ মামলা করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।