
‘জমি মিউটেশন করতে গিয়েছিলাম, ৪০ হাজার টাকা ঘুষ চেয়েছিল তহশিলদার। ১০ হাজার টাকা দিয়েছি। তবু কাজ হয়নি। কানুনগোকে ৬ হাজার টাকা দেওয়ার পরও বুঝিয়ে দেওয়া হয়নি জমি।’
ফরিদপুরে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে এমনই অভিযোগ করেন হয়রানির শিকার এক ব্যক্তি। আজ বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় কবি জসীমউদ্দীন হলে এ গণশুনানি হয়।
এ রকম নানা অভিযোগের মুখে পড়েন ফরিদপুর পৌরসভার মেয়র, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের ২৫টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানেরা।
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে ফরিদপুরের সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ শুনতে এর আয়োজন করা হয়।
বিভিন্ন অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্কাদের নির্দেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক সচিব মো. মাহবুব হোসেন।
গণশুনানির মডারেটর ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. শাহজাহান।
গণশুনানিতে এক নারী অভিযোগ করেন, তাঁর ছেলে গাড়ির চালক। কিন্তু বিআরটিএ কর্মকর্তাকে ঘুষ না দেওয়ায় তাঁর ছেলেকে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ সময় দুদক সচিব মাহবুব হোসেন জানতে চান, ‘আপনার ছেলে এখন কোথায়?’ উত্তরে ওই নারী জানান, তাঁর ছেলে আজ সকালে গাড়ি নিয়ে বেনাপোল গেছেন। তখন মাহবুব হোসেন জানতে চান, লাইসেন্স না থাকলে পথে পথে পুলিশ গাড়ি আটকায় না? ওই নারীর উত্তর ছিল, ৫০০ টাকা ঘুষ দিলে পুলিশ গাড়ি ছেড়ে দেয়। এ সময় অতিথি ও অভিযোগকারীদের সবাই হেসে ওঠেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব হোসেন বলেন, ‘আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো কাজের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের অকারণে দেরি করানো বা বারবার হয়রানি করা একধরনের দুর্নীতি। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহি ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল কারণ।’
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক হাসান উজ্জামান বলেন, এ গণশুনানিতে জেলার ২৫টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১৪৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে গণশুনানির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন আয়োজক ও অতিথিরা। পরে প্রতিটি বিভাগ ধরে ধরে শুনানি অনুষ্ঠিত হয়। বিকেল চারটার দিকে গণশুনানি শেষ হয়।