
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রাম থেকে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় এক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন আখলাকুর রহমান (৭০) ও তাঁর ছেলে আমজাদুর রহমান (২২)। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের আফজাল হোসেনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আফজাল হোসেন গ্রেপ্তার আখলাকুর রহমানের ছেলে।
জগন্নাথপুর থানার পুলিশ জানায়, আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানার পুলিশ তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি পুলিশ সদস্যদের তাঁর ঘরে ঢুকতে বাধা দেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা বাড়িতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ডিভাইস, বিস্ফোরক পাউডার ও সার্কিট দেখতে পান।
এতে সন্দেহ হলে গতকাল রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইস উদ্ধার করে। রাতে আফজাল হোসেনের বাবা আখলাকুর রহমান ও তাঁর ভাই আমজাদুর রহমানকে আটক করা হয়।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এই থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত আফজল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।