নন্দীগ্রামে বিএনপি-শ্রমিক লীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা, আবারও উত্তেজনা

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি ও জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি ভন্ডুল করতে শ্রমিক লীগ সেখানে পাল্টা কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, শ্রমিক লীগের সমাবেশটি ‘পূর্বনির্ধারিত’।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা বিএনপির এ সমাবেশ হওয়ার কথা ছিল ২৮ আগস্ট। উপজেলার বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর একই স্থানে সমাবেশ ডাক দেয় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় উপজেলা প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ২৮ আগস্ট উপজেলা পর্যায়ে বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে মৌখিকভাবে অবগত করতে গেলে ৩১ আগস্ট উপজেলা সদরের মুনসুর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ আয়োজনের কথা বলে। সে অনুযায়ী, আজ মঙ্গলবার কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করতে গেলে একই স্থানে এবং একই সময়ে শোক দিবস উপলক্ষে পাল্টা সমাবেশ ডাকা হয়। বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি বানচাল করতেই স্থানীয় শ্রমিক লীগ প্রতিহিংসামূলকভাবে পাল্টা এ কর্মসূচির ডাক দিয়েছে বলে দাবি করেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই আগামীকাল বুধবার বেলা তিনটায় নন্দীগ্রাম উপজেলা সদরের মুনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শ্রমিক লীগ সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করায় তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন। প্রশাসনের পরামর্শেই সমাবেশস্থল নন্দীগ্রাম মুনসুর হোসেন কলেজ মাঠের বদলে আধা কিলোমিটার দূরে নন্দীগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এখন সেখানেও সমাবেশ বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। যেকোনো মূল্যে আগামীকাল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন বলেও জানান এই সংসদ সদস্য।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শোকাবহ আগস্ট উপলক্ষে নন্দীগ্রাম উপজেলায় দলীয়ভাবে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছেন। আগামীকাল মুনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগের পূর্বনির্ধারিত সমাবেশ আছে। কিন্তু শোকের মাস এলেই বিএনপি উন্মাদ হয়ে ওঠে, নানামুখী ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই শ্রমিক লীগের শোক দিবসের সমাবেশস্থলে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।