
বিদ্যালয়ে আসা–যাওয়ার রাস্তাটি দুই বছর ধরে বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়সংলগ্ন একটি বাড়ির ওপর দিয়ে আসা–যাওয়া করতে হচ্ছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ৪৮ শতক জায়গার মধ্যে ৪২ শতক দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। ফলে বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ ও খেলাধুলা বিঘ্নিত হচ্ছে।
এদিকে বিদ্যালয়ে আসা–যাওয়ার রাস্তাটি দখলদারেরা দুই বছর ধরে বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়সংলগ্ন একটি বাড়ির ওপর দিয়ে আসা–যাওয়া করতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির কিছু জায়গা স্থানীয় লোকজনের দখলে রয়েছে বলে জানতে পেরেছি। বিদ্যালয়টির জায়গা দখলমুক্ত করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।আবদুল হক, সভাপতি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান গত মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের জায়গা দখলে থাকার বিষয়টি আমাকে কেউ জানাননি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা প্রয়াত মারফত আলী তালুকদার বিদ্যালয়টিতে ৪৮ শতক জায়গা দান করেন। বিদ্যালয়ে গত বছর শিক্ষার্থী ছিল ১৭৭ জন। চলতি বছরে শিক্ষার্থীর সংখ্যা ১৪৭। শিক্ষক রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে সহকারী শিক্ষক শাহরিয়ার কবির ও হিরামনি আক্তার প্রশিক্ষণে রয়েছেন। বিদ্যালয়ের ওই ৪৮ শতক জায়গার মধ্যে ৪২ শতক স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে দখল করে বসতঘর নির্মাণ করাসহ নানা কাজে ব্যবহার করছেন। ফলে বিদ্যালয় প্রাঙ্গণে দৈনিক সমাবেশ কার্যক্রম ও খেলাধুলা বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়টির উত্তর পাশে শিক্ষক–শিক্ষার্থীদের চলাচলের জন্য একটি রাস্তা ছিল। রাস্তাটি অবৈধ দখলদারেরা দুই বছর ধরে বন্ধ করে দিয়েছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরুপায় হয়ে বিদ্যালয়সংলগ্ন অন্যের বাড়ির ওপর দিয়ে আসা–যাওয়া করতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, ‘১০–১২ বছর ধরে বিদ্যালয়টির প্রায় ৪২ শতক জায়গা স্থানীয় কয়েকজন দখল করে নিয়েছেন। দখলদারেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এ নিয়ে কেউ প্রতিবাদ করছেন না। দ্রুত দখলদারদের উচ্ছেদ করার দাবি জানাচ্ছি।’
বিদ্যালয়ের জায়গায় বসতঘর নির্মাণ করা প্রসঙ্গে ওই গ্রামের বাসিন্দা কৃষক হজ্ব মিয়া বলেন, ‘বিদ্যালয়ের পশ্চিম পাশে ১৫–২০টি বসতঘর রয়েছে। সেগুলো বিদ্যালয়ের জায়গায় কি না, তা আমি বলতে পারব না। তবে আমি যেখানে বসবাস করছি, সেই জায়গা আমাদের রেকর্ডভুক্ত।’
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমেলা আক্তার বলেন, ‘আমি ২০১৫ সালের ২১ মার্চ থেকে বিদ্যালয়টিতে কর্মরত। আমি এখানে যোগদান করার বেশ আগে থেকে বিদ্যালয়টির ৪৮ শতক জায়গার মধ্যে ৪২ শতক স্থানীয় লোকজন অবৈধভাবে দখল করে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস ও অন্যান্য কাজে ব্যবহার করে আসছেন। বিদ্যালয়টির জায়গা অবৈধ দখলে থাকায় শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ ও খেলাধুলা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি আমি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) স্যারকে জানিয়েছি।’
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির কিছু জায়গা স্থানীয় লোকজনের দখলে রয়েছে বলে জানতে পেরেছি। বিদ্যালয়টির জায়গা দখলমুক্ত করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘এ–সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’