রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ ধরা পড়ে। আজ সোমবার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ ধরা পড়ে। আজ সোমবার

পদ্মা নদীর দুটি কাতলা-রুই বিক্রি হলো লাখ টাকার ওপরে

পদ্মা নদীতে কয়েক দিন ধরে বড় বড় কাতলা ও রুই মাছ ধরা পড়ছে। আজ সোমবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি কাতলা মাছ ৬৮ হাজার ৫০০ টাকায় এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি রুই মাছ ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে মাছ দুটি পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল রোববার মধ্যরাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে যান রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় এলাকার জেলে জমির হালদার। আজ ভোর চারটার দিকে পদ্মা নদীর মোহনায় কুশাহাটায় তিনি জাল ফেলেন। ভাসতে ভাসতে ফেরিঘাটের অদূরে অবস্থানকালে জালে প্রচণ্ড ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় মাছ আটকা পড়েছে। জাল নৌকায় তুলেই দেখেন, বিশাল আকারের এক কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল–সংলগ্ন বাজারের রেজাউল ইসলাম মন্ডলের আড়তে।

প্রায় একই সময় পদ্মা নদীর মোহনায় বাহির চর দৌলতদিয়ার আরেক জেলে তারা মন্ডল জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জালে ঝাঁকুনি দিলে টের পান, বড় মাছ ধরা পড়েছে। জাল গুছিয়ে নৌকায় তুলেই দেখেন, বড় আকারের একটি রুই। তিনিও বিক্রির জন্য নেন রেজাউল ইসলাম মন্ডলের আড়তে। মাছ দুটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।

একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী রেজাউল মন্ডল বলেন, সকালের দিকে জেলে জমির হালদার বিশাল আকারের কাতলা মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। কাতলাটির ওজন ছিল ২৯ কেজি ৮০০ গ্রাম। এ ছাড়া তারা মন্ডল নামের আরেকজন ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের রুই মাছটি বিক্রির জন্য আনেন।

রুই মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মৌসুমের সবচেয়ে বড় কাতলা এটি। এর আগে গত বছর ৩৩ কেজি ওজনের একটি কাতলা মাছ পেয়েছিলেন। আজকের ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের কাতলাটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৭ হাজার টাকায় কিনেছেন। ঢাকার ধানমন্ডি এলাকার এক আমেরিকাপ্রবাসী কেজিপ্রতি ৫০ টাকা লাভ দিয়ে ৬৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তিনি বেশ কিছুদিন ধরে বড় একটি কাতলা মাছ কেনার আগ্রহ দেখাচ্ছিলেন।

চান্দু মোল্লা জানান, ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের রুই মাছটি ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় কেনেন। পরে মাদারীপুরের এক সিঙ্গাপুরপ্রবাসী তাঁর পরিবারের জন্য কেজিপ্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি মাদারীপুরে পাঠানো হয়েছে।