
কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে স্টেশনে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। এ ছাড়া ওই রেলপথসংলগ্ন রাজারহাট-তিস্তা সড়কও অবরুদ্ধ হয়ে পড়ে। এতে উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে সড়কপথে ঢাকা ও রংপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। রেললাইন বন্ধ থাকায় অনেক যাত্রী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে তিস্তা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা দেন। আকস্মিক এ পরিস্থিতিতে তাঁদের অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি, কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামে আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।’ তিস্তাগামী যাত্রী আবদুস সালাম বলেন, ‘তিস্তা স্টেশনে গিয়ে লালমনিরহাট এক্সপ্রেস ধরার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেছি। তবে রাজারহাট-তিস্তা সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় বড়বাড়ি উপজেলা হয়ে ঘোরা পথে যেতে হচ্ছে। এতে সময়মতো স্টেশনে পৌঁছাতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় আছি।’
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কণিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন অবরুদ্ধ করেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে।