চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বিকেলে চকরিয়া পৌরশহরে
চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বিকেলে চকরিয়া পৌরশহরে

কক্সবাজার

সাড়ে পাঁচ বছর পর চকরিয়া বিএনপির সম্মেলন আজ, উৎসাহ-উদ্দীপনা

প্রায় সাড়ে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। আজ শনিবার বেলা তিনটায় চকরিয়া সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলন ঘিরে চকরিয়া সরকারি কলেজের আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। উপজেলা বিএনপির নেতারা বলছেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে চকরিয়ার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন, একটি পৌরসভা ও আশপাশের এলাকা থেকে সম্মেলনে অন্তত ৫০ হাজার লোকের সমাগম ঘটবে বলে আশাবাদ তাঁদের।
দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, সম্মেলনের মাধ্যমে এবার উপজেলায় বিএনপির হাল কে ধরছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তবে সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানান তাঁরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর আলী বলেন, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত থাকবেন। সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী বলেন, সম্মেলন যাতে সুশৃঙ্খলভাবে হয়, সে জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  প্রতিটি ধাপে উপকমিটি করে দেওয়া হয়েছে, যাতে সম্মেলনে আগত নেতা-কর্মীদের কোনো অসুবিধা না হয়

উপজেলা বিএনপির সম্মেলনের জন্য প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। গতকাল বিকেল তিনটার দিকে চকরিয়া সরকারি কলেজের মাঠে

২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে আনসারুল ইসলাম সভাপতি ও  ফখরুদ্দীন ফরায়েজী সাধারণ সম্পাদক হয়েছিলেন। দুই বছর পর ওই কমিটি বিলুপ্ত করা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে আহ্বায়ক করা হয়। বছর পার না হতে শাহজাহান চৌধুরী মারা গেলে জেলা বিএনপির সহসভাপতি এনামুল হককে আহ্বায়ক এবং ফখুরুদ্দীন ফরায়েজীকে সদস্যসচিব করা হয়। গত বছরের ৫ আগস্টের পর ওই কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় চকরিয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি। এতে এনামুল হককে আহ্বায়ক এবং এম মোবারক আলীকে সদস্যসচিব করা হয়।