ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, প্রশাসন আগাচ্ছে ঢিমেতালে

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে আজ চিকিৎসাধীন ৩১৮ জন ডেঙ্গু রোগী।

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২১ জুলাই প্রথম একজন মারা গেছেন। ২০১৮ থেকে গত সাড়ে পাঁচ বছরে ফরিদপুরে ডেঙ্গুতে এটাই কোনো মৃত্যুর ঘটনা। এ নিয়ে গতকাল পর্যন্ত ১৯ দিনে ডেঙ্গুতে ৭ জন মারা গেছেন।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, ফরিদপুরে ২০১৮ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫৯ জন, ২০১৯ সালে ৮৭, ২০২০ সালে ২০৩, ২০২১ সালে ৩৮৭ জন এবং ২০২২ সালে আক্রান্ত হন ১ হাজার ২২৯ জন। এই হিসাব থেকে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০২১–এর তুলনায় ২০২২ সালে এ বৃদ্ধি ৩ দশমিক ১৮ গুণ। প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।

চলতি বছরের গত সাত মাসের মধ্যে জানুয়ারিতে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হননি। ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৩ জন, মার্চে ৭, এপ্রিলে ১২, মে মাসে ১৯, জুনে ৪৩ জন এবং জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ৬২০ জন। অর্থাৎ জুনের তুলনায় জুলাইয়ে আক্রান্ত রোগী বেড়েছে ১৪ দশমিক ৪২ গুণ। আগস্টে এ হার যে আরও বাড়বে, তা বলাই যাচ্ছে। চলতি মাসের প্রথম ৯ দিনে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫০ জন। অর্থাৎ গত জুলাইয়ে মোট আক্রান্তের সংখ্যা আগস্টের ৯ দিনেই অতিক্রম করে আরও ৩৩০ জন রোগী বেশি হয়েছে।

এ অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ে দ্রুত একটি সমন্বয় সভা করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে মনিটরিংয়ের মাধ্যমে কাজ করানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ৩৭ শয্যা থেকে কমপক্ষে ৩০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে-ছিটিয়ে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সঠিক হচ্ছে না।
আওলাদ হোসেন, সভাপতি, ফরিদপুর নাগরিক মঞ্চ

২১ জুলাই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মারা যান জাহানারা বেগম (৩৯) নামের এক গৃহবধূ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের বাসিন্দা। দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে গত ২৭ জুলাই। ওই দিন মারা যান রুমা দাস (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা। পরদিন ২৮ জুলাই ডেঙ্গুতে মারা যান সোহেল মিয়া (১৮) নামের এক তরুণ। তিনি মাগুরা সদর উপজেলার আমুরিয়া গ্রামের বাসিন্দা।

আগস্টের প্রথম ৯ দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। ৩ আগস্ট মারা যান জয়নাল আরোফিন (৬৫) নামের এক প্রবীণ। তিনি রাজবাড়ী সদরের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ৫ আগস্ট মারা যান ফরিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া মহল্লার বাসিন্দা। ৭ আগস্ট মারা যান ময়না বেগম (৪০) নামের এক গৃহবধূ। তিনি ফরিদপুরের সালথার যদু নন্দীপুর গ্রামের বাসিন্দা। ৮ আগস্ট মারা যান মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুরের বাসিন্দা মাহাবুব ভূঁইয়া (৩৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড ছাড়াও পুরুষ ও নারী মেডিসিন ওর্য়াড এবং পেয়িং ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত সোমবার পুরুষ মেডিসেন ওয়ার্ডে

ডেঙ্গু মোকাবিলায় সমন্বয়হীনতার অভাব

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ার প্রেক্ষাপটে গত ২০ জুলাই ৩৭ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল ঘুরে দেখা যায়, বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১৩৯ জন। নির্ধারিত ডেঙ্গু ওয়ার্ডের ধারণক্ষমতা কম হওয়ায় পুরুষ ও নারী মেডিসিন এবং পেয়িং ওয়ার্ডে ডেঙ্গু কর্নার করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও শয্যার সংকুলান না হওয়ায় ওয়ার্ডের মেঝেতে, হাসপাতালের করিডরে ও বারান্দায় ডেঙ্গু রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলেও প্রশাসনিক উদ্যোগে সমন্বয়হীনতার অভাব লক্ষ করা গেছে। ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে গেলেও গত জুলাই থেকে আজ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কোনো সমন্বয় সভা হয়নি বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান। সিভিল সার্জন ও পৌরসভার উদ্যোগে বিচ্ছিন্নভাবে মাইকিং করা হচ্ছে। সিভিল সার্জনের উদ্যোগে কয়েকটি উচ্চবিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে মাঝেমধ্যে মশকনিধনের জন্য ওষুধ ছিটানো হচ্ছে।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, এ অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ে দ্রুত একটি সমন্বয় সভা করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে মনিটরিংয়ের মাধ্যমে কাজ করানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ৩৭ শয্যা থেকে কমপক্ষে ৩০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে-ছিটিয়ে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সঠিক হচ্ছে না।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সবার আন্তরিকতা ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। তিনি বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই।

এসব নিয়ে জানতে চাইলে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এর আগে প্রথম আলোকে বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ৯ আগস্ট (আজ) জরুরি সমন্বয় সভা করা হবে। এতে সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের মালিকসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের পরামর্শমতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে এ সভাটি করা যায়নি বলে জেলা প্রশাসন জানিয়েছে।