
শ্রমিকনেতা শহিদুলের মাথায় কিছু একটা দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তাঁর মাথার পেছনের অংশের একটি হাড় ভেঙে যায়। সেখান থেকে শুরু হয় রক্তরক্ষণ। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শহিদুল হত্যার ৪৫ দিন পর আজ বুধবার ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত করেছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। সেখানে উঠে আসে শহিদুলের মৃত্যুর এমন কারণ।
আজই ময়নাতদন্ত প্রতিবেদনটি হাতে পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মামলা তদন্ত তদারক কমিটির সভাপতি ইমরান আহম্মেদ। তিনি বলেন, ‘তদন্তে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমরা আগেই নিশ্চিত হয়েছিলাম, শহিদুলকে আঘাত করা হয়েছে। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমরা আজই ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছি। এখন প্রমাণিত হয়েছে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার পেছনের কারও ইন্ধন বা প্রশ্রয় আছে কি না, তা খতিয়ে দেখছি।’
ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শহিদুলের মাথায় কোনো ভোঁতা জিনিস দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। সেখান থেকে তাঁর মাথার পেছনের অংশে ঘাড়ের একটু ওপরে একটি হাড় ভেঙে যায়। সেখান থেকে রক্তক্ষরণ শুরু হলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আমরা আজই (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিসেরা প্রতিবেদন হাতে পেয়েছি। তার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছেছি।’
শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। গত ২৫ জুন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় শ্রমিকদের পাওনা টাকা আদায়ের কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে মামলা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। প্রথমে মামলাটি তদন্ত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পরবর্তী সময়ে গত ৬ জুলাই মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয় গাজীপুর জেলা শিল্প পুলিশের কাছে।
শহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য ঘটনার দিন রাতেই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ভিসেরা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ২৬ জুন পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দ্রুত এ প্রতিবেদন দিতে গাজীপুরের একটি আদালতের নির্দেশনা ছিল। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন দিল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগ।
মাথায় ছাড়া শহিদুলের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ফরেনসিক বিভাগের প্রধান মাজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্ত করার সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন পেয়েছিলাম, রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু কেউ কেউ বলছিলেন, তাঁর (শহিদুল) হার্টে সমস্যা আছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে তাঁর হৃৎপিণ্ড সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠাই। বুধবার সেখান থেকে প্রতিবেদন আসে। তাতে দেখা যায়, শহিদুলের হার্টে কোনো সমস্যা ছিল না, তিনি হার্ট অ্যাটাকে মারা যাননি। পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্তে পৌঁছাই, মাথার রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা তাঁর শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাইনি।’
শহিদুল হত্যা মামলায় এ পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে শিল্প পুলিশ। এর মধ্যে পাঁচজন মামলার এজাহারভুক্ত আসামি। বাকিদের ধরা হয়েছে গ্রেপ্তার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে। এখনো মামলার তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ বলছে, তারা হামলার ইন্ধনদাতা বা প্রশ্রয়দাতাকে খুঁজছে।