কখনো নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে, কখনো বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে নির্বাচনে হেরে গেছেন। আবার কখনো দলের মনোনয়ন পাননি। কিন্তু হাল ছাড়েননি ফকির মাহবুব আনাম (স্বপন)। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জয়ের দেখা পেয়েছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য হয়েই স্থান পেলেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির মন্ত্রিসভায়।
স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, ফকির মাহবুব আনামকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি এবং নিজ দলের বিরোধী পক্ষের বৈরী আচরণের মুখোমুখি হতে হয়েছে; কিন্তু তিনি দমে যাননি। তিনি মধুপুরে এসেছিলেন মানুষের মন জয় করার জন্য। এবার তিনি কাঙ্ক্ষিত জয় পেয়েছেন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সন্তান ফকির মাহবুব আনাম। তাঁর চাচা আফাজ উদ্দিন ফকির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য। আরেক চাচা প্রখ্যাত গীতিকার লোকমান হোসেন ফকির।
দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফকির মাহবুব আনাম তাঁর নিজ এলাকা টাঙ্গাইল-২ আসন থেকেই নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন; কিন্তু পরবর্তী সময়ে দলীয় নেতাদের পরামর্শে তিনি পার্শ্ববর্তী আসন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) চলে যান। ২০০০ সালের দিকে মধুপুরে বাড়ি তৈরি করেন। মধুপুর ও ধনবাড়ীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। কিন্তু স্থানীয় বিএনপির একটি অংশ তাঁর এই আসাকে ভালোভাবে নেননি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফকির মাহবুব আনাম বিএনপির মনোনয়ন পান; কিন্তু বিদ্রোহী প্রার্থী হন স্থানীয় বিএনপির নেতা আবদুল গফুর (মন্টু)। দলীয় ভোট ভাগ হওয়ায় পরাজিত হন তিনি।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পান ফকির মাহবুব। কিন্তু জয়ী হতে পারেননি। ২০১৮ সালের নির্বাচনে এসে ফকির মাহবুব আনাম দলীয় মনোনয়নবঞ্চিত হন। তারপরও তিনি রাজনীতিতে ছিলেন সক্রিয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফকির মাহবুব আনাম দলীয় মনোনয়ন পান; কিন্তু দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বিদ্রোহী প্রার্থী হন। দলের আরেক বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলামও প্রার্থী হন। শেষ পর্যন্ত মোহাম্মদ আলী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফকির মাহবুব ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এই বিজয়ের মধ্য দিয়ে ৪৫ বছর পর আসনটি উদ্ধার করে বিএনপি।
মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জন জেত্রা বলেন, ফকির মাহবুব আনাম আদিবাসীবান্ধব একজন নেতা। তিনি ২৫ বছর ধরে মধুপুরে কাজ করছেন। আদিবাসীদের সব কর্মকাণ্ডে তিনি সঙ্গে থাকেন। এ জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দলমত–নির্বিশেষে তাঁকে ভোট দিয়েছেন।
মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দার বলেন, অনেক প্রতিকূলতা মোকাবিলা করে ফকির মাহবুব আনাম মধুপুরে রাজনীতি করেছেন। তিনি মধুপুরের মানুষের মন জয় করে নিয়েছেন। মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তিনি এলাকার উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী পেশায় ব্যবসায়ী ফকির মাহবুব আনামের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯২ লাখ ৬৫ টাকা। তিনি বার্ষিক আয় দেখিছেন ২২ লাখ ৭৭ হাজার টাকা। তাঁর স্ত্রী রেশমা আনামের সম্পদের পরিমাণ ২ কোটি ৫৮ লাখ ৮ হাজার টাকা। তাঁর বার্ষিক আয় ১৩ লাখ ১১ হাজার ২৫০ টাকা। দুই সন্তানের সম্পদ রয়েছে যথাক্রমে ৭৯ লাখ ৮১ হাজার ও ৬৮ লাখ ২৮ টাকার সমপরিমাণ।