বাগেরহাটের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়। সোমবার বিকেলে তোলা
বাগেরহাটের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়। সোমবার বিকেলে তোলা

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কক্ষটিতে থাকা এভিআর (স্বয়ংক্রিয় ভোল্টেজ নিয়ন্ত্রক) যন্ত্র। অগ্নিকাণ্ডের কারণে আজ সোমবার সারা দিন কার্যালয়ের সেবা কার্যক্রম বন্ধ ছিল। সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেকেই।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে সার্ভার কক্ষের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

ওই কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারা দিনই সেবা প্রদান কার্যক্রম অর্থাৎ পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে। ওভারলোড থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। যন্ত্রটি ঠিক হলে আগামী রোববার থেকে আবার সেবা প্রদান করা যাবে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গ্রাহকেরা তেমন ভোগান্তিতে পড়বেন না।

হাফিজুর রহমান বলেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে, তখন লোড অনেক বেশি ছিল। আগুনে এভিআর মেশিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি বা ডকুমেন্টসের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে।’