জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মা ও দুই সন্তানের মরদেহ। আজ রোববার সকালে রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামে
জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মা ও দুই সন্তানের মরদেহ। আজ রোববার সকালে রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামে

পাশাপাশি কবরে মা ও দুই শিশুসন্তানকে দাফন

জানাজা শেষ। পাশাপাশি তিনটি কবর। একে একে মা ও তাঁর দুই শিশুসন্তানকে দাফন করা হলো। এক সড়ক দুর্ঘটনায় মায়ের সঙ্গে না–ফেরার দেশে দুই সন্তানও। স্ত্রী–সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ প্রভাষক শহিদুল ইসলাম। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারও নেই।

গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩০), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। আজ রোববার সকালে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) এবং রাজীবপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪২)। তাঁদেরও নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় আহত বৃষ্টি খাতুন (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শহিদুল ইসলামের বাড়ি রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকায়। তিনি রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। তাঁর স্ত্রী ও সন্তানেরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পান্তামারী গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

জানাজায় অংশ নেওয়া স্থানীয় কলেজশিক্ষক একরামুল হক বলেন, শহিদুল ইসলামের দুই সন্তানের মধ্যে ছেলে রিশাদ এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তাকে ক্যাডেট কলেজে ভর্তি করানোর জন্য কোচিং করানোর পরিকল্পনা ছিল পরিবারের। কিন্তু সেই সম্ভাবনাময় শিশুটিও আর নেই। মেয়েটিও মায়ের সঙ্গে চিরবিদায় নিয়েছে। একসঙ্গে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শহিদুল ইসলাম বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের গতকাল রাতেই পরিবারের কাছে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। শোকাহত পরিবারের পক্ষে অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।