
নরসিংদীর পলাশ উপজেলায় খেলতে বেরিয়ে নিখোঁজ চার বছর বয়সী এক শিশুর লাশ এক দিন পর বাড়িসংলগ্ন সড়কের ম্যানহোল থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সালমান ফারসি (৪)।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর এলাকার চরকা টেক্সটাইলের ১ নম্বর গেট–সংলগ্ন সড়কের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমান ফারসি ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে। গতকাল সোমবার সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের একটি খোলা জায়গায় অন্য শিশুদের সঙ্গে প্রায়ই খেলতে যেত সালমান। গতকাল সকালেও সেখানে খেলতে যায় সে। বেলা ১১টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতে পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।
আজ সকালে বাড়িসংলগ্ন সড়কের ম্যানহোলের ভেতরে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে স্বজনেরা গিয়ে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে পলাশ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সালমানের চাচা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হয়তো খেলার সময় কোনোভাবে ম্যানহোলের ভেতরে পড়ে গিয়েছিল সালমান। আমরা মনে করছি, এটি একটি দুর্ঘটনা। তাই তার এটুকু শরীরে কোনো কাটাছেঁড়া হোক, তা চাই না।’
জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বলেন, শিশুটি দুর্ঘটনাবশত ম্যানহোলের ভেতরে পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।