মোটরসাইকেল, তিন চাকার যান ও ট্রেনে রাজশাহী ছুটছেন নাটোর বিএনপির নেতা-কর্মীরা

সড়কে যানবাহন না চলায় ট্রেনে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের ভিড়। আজ শুক্রবার নাটোর স্টেশনে
ছবি: প্রথম আলো

পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নাটোর জেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মী রাজশাহী পৌঁছে গেছেন। অনেকে মোটরসাইকেল, তিন চাকার ছোট যানবাহন ও ট্রেনে করে আজ শুক্রবার সকাল থেকে রাজশাহীর দিকে ছুটছেন।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক সমিতি। বিএনপি বলছে, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে পরিবহন মালিক সমিতি বলছে, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো যোগসূত্র নেই।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রা করে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিবহনমালিক-শ্রমিকেরা গত ২৭ নভেম্বর বিভাগজুড়ে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেন। এতে বিএনপি নেতারা সমাবেশস্থলে যাওয়ার কৌশল পাল্টে ফেলেন।

জ্যেষ্ঠ নেতারা ৩০ নভেম্বরের মধ্যেই রাজশাহীতে পৌঁছান। এ ছাড়া অন্য নেতা-কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে তিন চাকার ছোট ছোট যানবাহন, মোটরসাইকেল ও ট্রেনে করে গত দুই দিনে রাজশাহীতে পৌঁছে যান। শুক্রবার সকালে রাজশাহীমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে নাটোর স্টেশন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে রওনা হতে দেখা যায়। ট্রেনটি বিএনপি কর্মীতে ঠাসা ছিল। পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের দৃষ্টি এড়াতে তাঁরা একজন-দুজন করে গন্তব্যে রওনা হন। শুক্রবার বিকেলে পর্যন্ত তাঁরা পথে বড় ধরনের বাধার মুখে পড়েননি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, নাটোরে কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি কর্মীদের রাজশাহীর উদ্দেশে বের হতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন। তবে সব হুমকি ও পুলিশের গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা উপেক্ষা করে শুক্রবার দুপুর পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মী রাজশাহীতে পৌঁছেছেন। আরও কয়েক হাজার কর্মী রাস্তায় রয়েছেন।

বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াসহ সারা দেশের মানুষ এখন শেখ হাসিনার জেলে আটকে আছেন। তবে কোনো বাধাই বিএনপি কর্মীদের আটকাতে পারেনি। রাজশাহীতে বিএনপি কর্মীদের জনস্রোত সৃষ্টি হয়েছে। তিনি আশা করেন শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে।