গুমের শিকার ব্যক্তিদের ফিরে আসার অপেক্ষায় স্বজনেরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় খুলনার শান্তিধাম মোড়ে
ছবি: প্রথম আলো

গুম হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানেন না স্বজনেরা। প্রতিক্ষণ তাঁরা মানুষটির ফিরে আসার আশায় পথ চেয়ে থাকেন। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলো কতটা অসহায় অবস্থায় আছে, তা বলে বোঝানো যাবে না। তাঁদের কান্না এখনো থামেনি। তাই গুমের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

আজ মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত গুমবিরোধী মানববন্ধনে বক্তারা এ দাবি করেন। নগরের শান্তিধাম মোড়ে ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক খুলনা’ নামের দুটি সংগঠন যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। এর আগে বেলা ১১টার দিকে নগরের ফুল মার্কেট মোড় থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে শান্তিধাম মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমতের মানুষের কণ্ঠরোধ করতে গুমের আশ্রয় নিয়েছে। সরকারের হয়ে ওই কাজটি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এখন সবার কাছেই স্পষ্ট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশে এসে গুমের শিকার ব্যক্তিদের বাবা-মায়ের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাঁদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, গত ১৩ বছরে ৬২৪ জনকে গুম করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনের লাশ পাওয়া গেছে। আর ৫০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের মুখ বন্ধ। তাঁরা মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করছেন না, তাঁরা কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, কারা নিয়ে গিয়েছিল—সবই তাঁরা জানেন কিন্তু বলছেন না; যদি আবার গুম হয়ে যান এই ভয়ে। অথচ তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে বা সাদাপোশাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে মানবাধিকারকর্মীদের মানববন্ধন। মঙ্গলবার খুলনার শান্তিধাম মোড়ে

গুম-খুনের রাজনীতি বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

নাগরিক ঐক্যের খুলনা নগর শাখার সদস্যসচিব কাজী মোতাহার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মো. রাশিদুল ইসলাম, খুলনা পোলট্রি ও ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, গণসংহতি আন্দোলনের খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী, পরিবেশ সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম, মানবাধিকারকর্মী শেখ আবদুল হালিম প্রমুখ।

মানববন্ধনে গুমের শিকার যশোরের বেনাপোলের কলেজছাত্র মো. রেজওয়ান হোসেনের ভাই রিপন হোসেন, সাতক্ষীরার হোমিও চিকিৎসক শেখ মোখলেসুর রহমানের বাবা শেখ আবদুর রাশেদ, বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবসায়ী হাবিবুর রহমানের ছেলে মো. শাওন হাওলাদার ও খুলনায় চোখ উপড়ে নেওয়া যুবক শাহজালাল ও তাঁর মা রেণু বেগম বক্তব্য দেন।