
নোয়াখালীর সেনবাগ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের একটি মিছিল শেষে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার ছাড়া সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী দলীয় নেতা-কর্মীরা সেনবাগ রাস্তার মাথায় হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যায়ে গেলে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় কাজী মফিজুর রহমানের অনুসারী মফিজুল ইসলামসহ পাঁচ নেতা-কর্মী আহত হন। তবে এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মীরা আকস্মিক মিছিল বের করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যেতেই তাঁরা পালিয়ে যান। লাঠিপেটার কোনো ঘটনা ঘটেছে কি না, তাঁর জানা নেই। কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
এদিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের পূর্ব বাজারে সকাল নয়টার দিকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার প্রদক্ষিণ করে কাছারিবাড়ি মসজিদের কাছে গিয়ে শেষ হয়। এ সময় বেগমগঞ্জ থানা-পুলিশের একটি দল ধাওয়া দিয়ে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে বিএনপি কর্মীরা একটি মিছিল বের করেছিলেন। মিছিলটি শেষ হওয়ার পর খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগের মামলা আছে বলে জানান ওসি।