নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাতে
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাতে

ফতুল্লায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শীর্ষ মাদক কারবারি ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এ ছাড়া পথচারী হেলালউদ্দিন, গাড়িচালক বাবু এবং এ কে এম শফিউদ্দিন আহত হন। তাঁদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে শহরের মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির এবং তাঁর দুই সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের ছাড়িয়ে নিতে সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল ও ঢিল ছোড়েন। পরে পুলিশকে লক্ষ্য করে ৫–৬টি গুলি করা হয়। এ সময় পুলিশও পাল্টা শটগানের দুটি গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও ঢিলের আঘাতে পুলিশ, পথচারীসহ মোট আটজন আহত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফাইটার মনির ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি করে। পুলিশও পাল্টা শটগানের দুটি গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার র‍্যাবের গোয়েন্দা দলের ওপর মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছিল। এতে র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছিলেন। পরে র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল।