হিলিতে চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

দিনাজপুরের হিলিতে মফিছার রহমান (৬০) নামের এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হিলি শহরের পূর্ব দিকে পৌরসভার সামনে বুনারপাড়া পাকা সড়কে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মফিছারের ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চালককে ছুরিকাঘাতের পর দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল।

মফিছার রহমান হাকিমপুর পৌর শহরের মুহাড়াপাড়া মহল্লার মৃত আজিজার রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে মফিছারের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও ইজিবাইকচালকদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক পৌনে ১২টার দিকে হিলি শহর থেকে দুজন যাত্রী নিয়ে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন মফিছার রহমান। স্থানীয় লোকজনের ধারণা, ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য দুই ব্যক্তি যাত্রীবেশে উঠেছিল। বুনারপাড়া ব্রিজের কাছে পৌঁছানোর পর যাত্রীবেশে ওঠা দুই ব্যক্তি ইজিবাইকচালকের পেটে ছুরিকাঘাত করে। পরে তারা চালককে সড়কের পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন মফিছারকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় মফিছারকে উদ্ধার করে রাত ১টা ৫ মিনিটে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুলতান মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তির পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

মফিছারকে উদ্ধারের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে বুনারপাড়া মহল্লার শেষ প্রান্তে পাকা সড়কের ওপর মফিছারের ইজিবাইকটি দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, নিহত মফিছারের লাশ ময়নাতদন্তের জন্য আজ সকাল ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মফিছারের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।