নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি ফয়জুর, সাধারণ সম্পাদক জহির

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ওরফে বাদলকে পুনরায় সভাপতি করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে তিনটায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ কমিটি ঘোষণা করেন। ফয়জুর রহমান আগের কমিটিতেও সভাপতি ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমানকে সভাপতি হিসেবে দেখতে চেয়ে উপজেলায় ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটান নেতা-কর্মীরা। কিন্তু তাঁদের কেউই সভাপতি পদে প্রার্থী হননি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন শুরুর আগেই সংসদ সদস্য এবাদুল করিম ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমানের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটে। চলে ৫ থেকে ১০ মিনিট। এ সময় ৮ থেকে ১০ জন কর্মী-সমর্থক আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। রোববার উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম প্রমুখ।

সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।