গ্রেপ্তার যুবলীগ নেতা আবদুল কাদির (মাঝে)
গ্রেপ্তার যুবলীগ নেতা আবদুল কাদির (মাঝে)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে পোশাককর্মী বদিউজ্জামান হত্যার ঘটনায় জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে কাদিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি। কাদির শহরের পাইকপাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম প্রথম আলোকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পোশাককর্মী বদিউজ্জামান হত্যা মামলায় কাদিরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় কাদিরসহ আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, ইট, লোহার রড ইত্যাদি নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। আসামিরা ছাত্র-জনতাকে মারধর করাসহ তাঁদের গুলি করে আহত করেন। ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করেন। গ্রেপ্তার কাদিরসহ আসামিরা ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় তাঁদের হাতে থাকা দেশি অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে বদিউজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় দেশি অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পোশাককর্মী বদিউজ্জামানকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর নিহত ব্যক্তির স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।