কসবায় ইভিএম মেশিনের ৩৯টি মনিটরসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় জেলা পরিষদ মিলনায়তন থেকে চুরি যাওয়া ইভিএম মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ প্রায় ২ মাস পর জব্দ করেছে পুলিশ
ছবি : প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা পরিষদ মিলনায়তন থেকে চুরি যাওয়া ইভিএম মেশিনের ৩০টি মনিটরসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ। ঘটনার দুই মাস পর গতকাল মঙ্গলবার বিকেলে কসবা পৌর শহরের বগাবাড়ি এলাকার মাহফুজুর রহমানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের এক অফিস সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ আলী (৪৩), কসবা পৌর শহরের বগাবাড়ি গ্রামের মো. মাহফুজুর রহমান (৩৪), কসবা সরকারি কোয়ার্টারের ৩ নম্বর গোমতী হাউসের মো. মাসুদ (২৩) ও কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের এক কিশোর (১৪)। তাঁদের আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।

উপজেলা নির্বাচন অফিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন শেষে ইভিএম মেশিন, মনিটর, ব্যাটারিসহ বিভিন্ন মালামাল জেলা পরিষদ মিলনায়তনে রাখা হয়েছিল। গত ২৩ জুলাই রাতের কোনো এক সময় জেলা পরিষদ মিলনায়তন থেকে মালামাল চুরি হয়। পরদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাসিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা জেলা পরিষদের বিভিন্ন বক্স তল্লাশি করে জানতে পারেন ইভিএম মেশিনের ৩৯টি মনিটর, ১০টি মনিটর কন্ট্রোল ব্যাটারি, ১০টি ইভিএম মেশিনের ব্যাটারি চুরি হয়েছে। পরে জাসিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ওই দিনই কসবা থানায় একটি চুরির মামলা করেন।

২৬ জুলাই প্রথম আলোয় ‘ইভিএমের ৩৯টি মনিটরসহ বিভিন্ন মালামাল চুরি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

থানা-পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক মো. ইমরান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মো. মাহফুজুর রহমানের মালিকানাধীন এফ এম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালান। সেখান থেকে ১৭টি ইভিএমের মনিটর, ২টি কন্ট্রোল ব্যাটারি ও ২টি ইভিএমের মেশিনের ব্যাটারি উদ্ধার করা হয়। এ সময় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে পুলিশ মাহফুজুর রহমানের তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে আরও ১৩টি ইভিএমের মনিটর এবং ২টি কন্ট্রোল ব্যাটারি উদ্ধার করে। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ

উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, গ্রেপ্তার মাহফুজুর রহমান, মাসুদ ও ওই কিশোর ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরকে সংশোধনকেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকিদের জেলে পাঠানো হয়েছে। আর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ আলীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম বলেন, পুলিশ ৩০টি মনিটরসহ চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করেছে।