
শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন এক মা। পথে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মায়ের কাছ থেকে মহাসড়কে ছিটকে পড়ে শিশুটি। অন্য একটি মোটরসাইকেল থেকে এক যুবক বিষয়টি দেখে শিশুটিকে বাঁচাতে যান। এ সময় ট্রাকচাপায় নিহত হয় দুজনই।
গতকাল রোববার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া কোলেরকান্দি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন শিশুটির মা।
নিহত দুজন হলো পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫)। আহত মায়ের নাম আঁখি খাতুন (৩০)। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে উপজেলার রূপপুর এলাকা থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ঘুরে ছেলে আলিফ হোসেনকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন আঁখি খাতুন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আলিফ ছিটকে মহাসড়কে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অপর মোটরসাইকেল আরোহী বাকি বিল্লাহ শিশুটিকে উদ্ধার করতে সড়কে ছুটে যান। সে সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলিফ ও বাকি বিল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। একই সঙ্গে আহত আলিফের মা আঁখি খাতুনকে (৩০) উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। আহত নারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।