নাগরিক ঐক্যের প্রয়াত নেতা এস এম আকরামের স্মরণ সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে
নাগরিক ঐক্যের প্রয়াত নেতা এস এম আকরামের স্মরণ সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে

‘নিজেদের মধ্যে অনৈক্যের সুর এখন তীব্র হচ্ছে’

এই গণ–আন্দোলনে আমরা যাঁরা স্লোগান দিয়েছি, জান–প্রাণ দিয়ে লড়াই করলাম, তাঁদের নিজেদের মধ্যে অনৈক্যের সুর এখন তীব্র হচ্ছে। আমরা একটা সংকট ও ক্রান্তির মধ্যে আছি। এটা উত্তরণের জন্য একটাই পথ—সেটা হলো জাতীয় ঐক্য।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে নাগরিক ঐক্যের নেতা সাবেক সংসদ সদস্য প্রয়াত এস এম আকরামের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এস এম স্মরণ পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।

আকরাম সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, ‘আকরাম ভাই একজন পরিপূর্ণ সফল মানুষ ছিলেন। তাঁর মতো মানুষ আমাদের রাজনীতিতে বড় অভাব। এই ফেব্রুয়ারিতে গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সেখানে তিনি গণহত্যার বিষয়ে ছয়-সাতটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলেছেন।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ দেখেছেন, তিনি কত বড় জালিম ছিলেন, কত বড় রক্তপিপাসু ও ক্ষমতাধর ছিলেন। স্বৈরাচারকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে। এত বড় গণহত্যার পর আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

মাহমুদুর রহমান বলেন, একজন উপদেষ্টা বিএনপির মহাসচিবের এক উক্তির সমালোচনা করেছেন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত একটি তুলকালাম চলেছে। এখন তো আওয়ামী লীগ নেই। পুরো মাঠে বিএনপি একাই, প্রশাসনেও। রাষ্ট্রক্ষমতায় কে থাকবে, সেই লড়াই হচ্ছে বড় লড়াই। এই লড়াই বাদ দিয়ে রাজনীতি হবে না। জামায়াত হোক, বিএনপি হোক, নতুন করে ছাত্ররা আছে, তারা হোক। আপনাদের নিজেদের মধ্যে পার্থক্য তো থাকবেই। আমরা যদি নতুন করে ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রসঙ্গে টেনে মাহমুদুর রহমান বলেন, ‘এই দল গঠনের সঙ্গে উপদেষ্টারা কেউ কি জড়িত আছেন? ওরা যদি বলেন, যখন রাজনৈতিক দল গঠন করবেন, তখন আমরা থাকব। তাহলে এখন কেন সরকারি পদে থেকে নতুন করে দল গঠন করে, সেটা তো অন্যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটাই বলা উচিত আপনারা ক্ষমতায় থেকে দল গঠন করতে পারবেন না। আমি বলতে চাই, আগামী দিনে যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে, সেদিন থেকে ছয় মাসের মধ্যে আপনাদের (উপদেষ্টারা) মধ্যে কেউ যদি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে বুঝতে হবে, এত দিন ধরে আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’

আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেওয়া উচিত না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে প্রশাসনের বেশির ভাগ জায়গায় বিএনপির লোক জায়গা করে নিয়েছে। এখানে নিরপেক্ষতা নষ্ট হয়নি? আমরা ১৫ বছর রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আয়নাঘরের মধ্যে থেকেছি। বহু কিছু সত্ত্বেও আমরা রাজনৈতিক দলগুলো সরকারকে নামাতে পারিনি। শেষ পর্যন্ত ছাত্ররা যখন মাঠে নেমেছে তারা সফল হয়েছে। তাই আপনারা নিজেরা এই ঝগড়াটি বন্ধ করেন। নিজেরা নিজেরা যদি বসতে না পারেন আমি আপনাদের চায়ের দাওয়াত দিচ্ছি। আসুন আপনারা নিজেরা নিজেরা কথা বলুন। পার্থক্য আছে থাকবে, কিন্তু এ রকম না, আপনারা বলবেন, ওরা বাধা দেবে, ওরা বলবে আপনারা বাধা দেবেন, তাহলে দেশ কোথায় যাবে? আমাদের জাতীয় ঐক্য লাগবেই।’

এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।