রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেয় কলেজটির স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

শিক্ষার্থীরা জানান, গত ১ ফেব্রুয়ারি সাবেক অধ্যক্ষ মতিয়ারা খাতুন অবসরে যাওয়ার পর থেকে কলেজটিতে অধ্যক্ষের পদ শূন্য আছে। প্রায় আড়াই মাস ধরে কোনো স্থায়ী বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ না থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ না থাকায় নিয়মিত ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, ক্লাস রুটিন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হয়েছে।

অধ্যক্ষের অনুপস্থিতিতে ফাইল অনুমোদন আটকে থাকায় বিভিন্ন দাপ্তরিক কাজ বিলম্বিত হচ্ছে। শিক্ষার্থীদের স্টাইপেন্ড ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানও বন্ধ আছে। এতে শিক্ষার্থীরা আর্থিক ও শিক্ষাজীবন—উভয় দিক থেকেই চরম অনিশ্চয়তায় পড়েছেন।

শিক্ষার্থীরা জানান, এ সমস্যার সমাধানে তাঁরা এর আগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম), বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি), স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে শিক্ষার্থীরা তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন।

এ বিষয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ না থাকায় আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।’

আজ এক ঘণ্টা কর্মসূচি পালন করা হয়েছে জানিয়ে রাশিদুল ইসলাম বলেন, আগামীকাল রোববার ও পরদিন সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

কর্মসূচিতে সংহতি জানায় ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করা জরুরি।