
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬শে জুলাই গণ–অভ্যুত্থান’ স্মারক তোরণে দুই দফায় আগুন দেওয়া হয়েছে।
প্রথম দফায় গত শনিবার আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পর গতকাল রোববার রাতে আবার আগুন দেওয়ায় তোরণটির অবশিষ্ট অংশও পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা শিশুপার্কের সামনে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গত শনিবার রাত ১২টার দিকে একদল লোক তোরণটিতে আগুন দিয়ে চলে যায়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি, নাম ও পদবিসংবলিত অংশ আংশিক পুড়ে যায়।
পরদিন গতকাল গভীর রাতে তোরণটির অবশিষ্ট অংশে আবার আগুন দেওয়া হয়। এতে পুরো তোরণটি পুড়ে যায়।
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে পরপর দুই রাতে আগুন দেওয়ার ঘটনা তাঁদের স্মৃতির অবমাননা মন্তব্য করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথমবার আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সোমবার আবারও তোরণে আগুন দেওয়ার খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।