পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

ভাইকে বাঁচাতে পুকুরে নেমেছিল বড় ভাই, পানিতে ডুবে দুজনের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যায়।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। দুই ভাই হলো পাটুলী গ্রামের রিপন মিয়ার ছেলে জোবায়েদ হোসেন (৮) ও শামিম হোসেন (৫)।

ছোট ভাই শামিম পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধুতে পানিতে নামে। একপর্যায়ে ছোট ভাই শামিম পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়।

তাদের খোঁজ না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে এসে এক ছেলেকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজা হয়। জানাজা শেষে মসজিদ-সংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।