লাশ
লাশ

বরগুনায় নিজ ঘর থেকে নারীর মুখ থেঁতলানো লাশ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

বরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত গৃহবধূর নাম আলম তাজ (৪৪)। তিনি ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহত আলম তাজ তাঁর নিজ বাড়িতে একা ছিলেন। কে বা কারা ঘরে ঢুকে লোহার তৈরি শাবল দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। লোহার শাবল দিয়ে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে স্থানীয় লোকজন টের পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাঈম হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, খবর শুনে গতকাল শুক্রবার ইফতারের পর তিনি ওই বাড়িতে এসে আলম তাজের মরদেহ পরে থাকতে দেখেন। জানামতে, পরিবারটির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এমনকি ওই নারীর সঙ্গে থাকা স্বর্ণালংকার যা ছিল তা–ও পাওয়া গেছে। নিহত নারীর ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন।

চম্পা নামে নিহত আলম তাজের এক স্বজন বলেন, তিনি প্রথমে শুনেছেন ওই বাড়িতে আগুন লেগেছে। পরে আশপাশের মানুষ একত্রে এসে দেখেন ঘরের বারান্দায় আলম তাজের মরদেহ পড়ে আছে।

নিহত আলম তাজের মা ছায়াতন বেগম বলেন, ‘আমি মেয়ের বাড়িতে থাকি না। কী কারণে কী হয়েছে আমি তা কিছুই জানি না। জামাইয়ের অসুস্থতার কথা জানিয়ে আমাকে খবর দেওয়া হয়। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কারা যেন মেরে ফেলেছে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম জানান, এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই নারীর স্বামী আবুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহ্উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা শেষে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে ধারালো নয়, এমন একটি লোহার তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে, যার মাধ্যমে উপর্যুপরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।