পটুয়াখালীতে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রের মৃত্যু, বিচার দাবি

পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি মাদ্রাসার এক শিক্ষার্থী (১৩) ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ওই মাদ্রাসার প্রধান শিক্ষক শিশুটিকে দিনের পর দিন ধর্ষণ করায় সে অসুস্থ হয়ে পড়ে বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন। মৃত্যুর আগে শিশুটির বলে যাওয়া এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত প্রধান শিক্ষক পালিয়ে যান।

ভুক্তভোগী শিশুর স্বজন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। শিশুটির বাবার অভিযোগ, মৃত্যুর আগে তাঁর ছেলে জানিয়েছে, প্রায় এক বছর ধরে প্রতিনিয়ত তাঁর ছেলেকে ভয় দেখিয়ে ধর্ষণ করতেন ওই শিক্ষক। এতে শিশুটির পায়ুপথে ক্ষত তৈরি হয়। কিন্তু ওই শিক্ষক তাঁদের কিছু না জানিয়ে নিজে বিভিন্ন ওষুধ কিনে দিতেন। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে (শিশুটির বাবা) খবর দেন ওই শিক্ষক। তিনি ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় ওই ছাত্রকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।