দিনে গরম, রাতে হালকা ঠান্ডা, ভোররাতে ঠান্ডার পরিমাণ সামান্য বেশি। এভাবে এক সপ্তাহ ধরে চলছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া। তবে আজ শুক্রবারের সকালটা ছিল উত্তর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা।
প্রায় এক সপ্তাহ ধরে মেঘাচ্ছন্ন আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টির পর বৃহস্পতিবার বিকেলে কিছুটা কমতে শুরু করে আকাশের মেঘ। এরপর সন্ধ্যার পরই ঝরতে শুরু করে কুয়াশা। আজ ভোরবেলা বেড়ে যায় সেই কুয়াশর পরিমাণ। থাকে সকাল সাড়ে আটটা পর্যন্ত। আশ্বিনের শেষ দিকে এসে এমন ঘন কুয়াশা যেন নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরতে থাকা কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথগুলো। গাছের পাতা, সবুজ ধানের খেত আর ঘাসের ওপর থেকে ঝরছে শিশিরবিন্দু। ঘন কুয়াশার কারণে সকালবেলা সড়কের যানবাহনগুলো চলেছে হেডলাইট জ্বালিয়ে।
সদর উপজেলার শিংপাড়া এলাকায় হাঁটতে বের হওয়া জহিরুল ইসলাম (৫০) বলেন, আজকের সকালটা দেখে মনে হচ্ছে, শীতের দিন চলে এসেছে। চারদিকে কুয়াশায় সাদা হয়ে গেছে। কুয়াশার কারণে ২০ গজ দূরে কিছু দেখা যায় না।
মোটরসাইকেলচালক আজহার আলীকে (৩৫) দেখা গেল হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। সামনে গাড়ি আছে কি না, এই ভেবে হেডলাইট জ্বালিয়ে মোটরসেইকেল চালাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে অন্যান্য দিনের তুলনায় আজ কুয়াশার পরিমাণ ছিল বেশি। ঘন কুয়াশায় চারদিক সাদা হয়ে গিয়েছিল। কয়েক দিন ধরে তেঁতুলিয়ার পুরো আকাশে মেঘ থাকলেও এখন তা কমে গেছে। বর্তমানে আকাশের আট ভাগের মধ্যে দুই ভাগ মেঘ বিরাজ করছে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে বলে তিনি জানান।