হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়

ছাপরায় চলে পাঠদান

২০১৩ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। কিন্তু প্রায় ১০ বছর পরেও বিদ্যালয়টির অবকাঠামোর কোনো পরিবর্তন আসেনি, আসবাবপত্রও নেই।

আধপাকা ভবনের পাশে বাঁশের বেড়ার ছাপরা । আধপাকা ভবনটি শিক্ষকদের বসার ঘর আর ছাপরায় চলে পাঠদান। নেই পর্যাপ্ত বেঞ্চও। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে চললেও ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। কিন্তু প্রায় ১০ বছর পরেও বিদ্যালয়টির অবকাঠামোর কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণিসহ ৬টি শ্রেণিতে ৯৯ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক রয়েছেন।

গত বুধবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাপরায় থেকে ভেসে আসছে শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি। ৩৬ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের চালাঘরে বসে শিক্ষার্থীরা পড়া মুখস্থ করছে। ঘরটি বাঁশের বেড়া দিয়ে ভাগ করে তিনটি আলাদা শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে।

পাশেই ইটের গাঁথুনি ও টিনের চালা দিয়ে নির্মাণ করা হয়েছে একটি আধপাকা ঘর। সেখানে অফিসের কার্যক্রম চলে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জনি আক্তার বলে, ‘স্কুলে ভাঙা ঘর, ভাঙা বেঞ্চ। আমাদের পড়ায় একেবারেই মন বসে না। আশপাশের সবাই ভালো (সুন্দর পাকা) স্কুলে পড়ে, আর আমাদেরটা ভাঙা। এ কারণেই আমাদের স্কুলটিকে সবাই ভাঙা স্কুল বলে।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী পাপড়ি আকতার বলেন, টিনের ছোট ঘরে গরমের সময় তাদের খুব কষ্ট হয়। আবার ঝড়–বৃষ্টি হলে টিন দিয়ে পানি পড়ে। এতে অনেক সময় ভিজতে হয়। তখন বই–খাতা নষ্ট হয়ে যায়। এভাবেই তারা পড়াশোনা করেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া বেগম বলে, ‘আমাদের স্কুলে কোনো কিছুই নেই। অন্য স্কুলে নতুন পাকা ঘর, সেখানে বসার নতুন বেঞ্চ,খেলার কত জিনিস, শুনলেই মনটা খারাপ লাগে।’

বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার বলেন, বিদ্যালয়ে রয়েছে ১৫ জোড়া বেঞ্চ। এগুলোর পাঁচ জোড়াই আবার ভাঙা। সেগুলোতে কষ্ট করে ছাত্রছাত্রীদের বসতে হয়। অনেকে নিচে বসে ক্লাস করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান বলেন, তাঁরা নিজেদের উদ্যোগে প্রতিবছর স্কুলঘরের টিন ও বেড়া মেরামত করে নেন। শুনেছেন স্কুলের নতুন ভবন হবে। কিন্তু সেটি কবে হবে তা বলতে পারছেন না। ভালো ভবন না থাকায় এলাকার লোকজন সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করাতে চান না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে বিদ্যালয়ে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জানান, পর্যায়ক্রমে জেলার সব প্রাথমিক বিদ্যালয়েরই অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন হলে শিক্ষক-শিক্ষার্থীদের আর কষ্ট করতে হবে না।