
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কাছে দেশের মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল শুক্রবার রাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আনোয়ারা উপজেলার কাফকো স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছে দেশের মানুষ কখনো নিরাপদ নয়। বিএনপি-জামায়াত স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে মিথ্যাচার ও ইতিহাস বিকৃত করার মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু তারা তেমন সুবিধা করতে পারেনি। এরপর ১০ ডিসেম্বর শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করাবে, কিন্তু এখন দেখা গেল, তাদের সাতজন সংসদ সদস্য পদত্যাগ করে চলে গেছে।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই। আল্লাহর রহমত আমাদের সঙ্গে আছে। বিএনপির শাসনামলে সংখ্যালঘু ব্যক্তিরা বাড়িঘরে থাকতে পারেনি। তারা হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, মন্দির ভেঙে দিয়েছিল, আওয়ামী লীগের সময় মানুষ ঘরের দরজা-জানালা খোলা রেখে ঘুমাতে পারছে।’
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আমার এলাকার মানুষ কখনো নির্যাতনের শিকার হয়নি। সাম্প্রদায়িক রাজনীতি আমরা বিশ্বাস করি না। এ দেশের স্বাধীনতাযুদ্ধে সবার অংশগ্রহণ ছিল। বিএনপি আর কোনো কিছু না পেয়ে গুজব ছড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে, রিজার্ভ নিয়ে প্রলাপ বকছে। কোনো ভয় নেই, আপনারা ব্যাংকেই টাকা রাখবেন।’
কাফকো এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাফকোর চিফ ফাইন্যান্স অফিসার হাবিবুল্লাহ মনজু, চিফ অপারেশন মোহাম্মদ আসির খুররম, ব্যবস্থাপক (প্রশাসন) এস এম আলমগীর রহমান।
সিবিএর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন ও মোবারক হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সিবিএর সাধারণ সম্পাদক খাইরুল বশর, জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী প্রমুখ।