চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। তিনি চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে। বাসায় থাকা টাকা ও তাঁর ব্যবহৃত দুটো মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমী ওই বাসায় একা থাকতেন। গতকাল শুক্রবার দিবাগত রাত প্রায় দুইটা পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে গল্প করেন। এরপর নিজের ঘরে ঘুমাতে যান। ভোররাতের দিকে পাশের কক্ষের বাসিন্দারা তাঁর ঘর থেকে বাগ্বিতণ্ডার শব্দ শুনতে পান। তবে পরিচিত কারও সঙ্গে কথা বলছেন ভেবে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি।
বাসার পেছনে মৌসুমীর নিজের একটি গরুর খামার রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই খামারের একটি গরু বিক্রি করা হয়েছিল। গরু বিক্রির টাকা মৌসুমীর কাছে ছিল বলে তারা জানতে পেরেছে। আজ সকালে মৌসুমীর গরু কিনতে যাওয়ার কথা ছিল। তবে ঘটনার পর টাকা এবং মৌসুমীর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না।
আজ সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান। এ সময় তাঁরা বাসার দরজা খোলা দেখতে পান। শয়নকক্ষে বিছানার ওপর পড়ে ছিলেন মৌসুমী। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাসার পেছনে মৌসুমীর নিজের একটি গরুর খামার রয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল ওই খামারের একটি গরু বিক্রি করা হয়েছিল। গরু বিক্রির টাকা মৌসুমীর কাছে ছিল বলে তারা জানতে পেরেছে। আজ সকালে মৌসুমীর গরু কিনতে যাওয়ার কথা ছিল। তবে ঘটনার পর টাকা এবং মৌসুমীর ব্যবহৃত দুটো মুঠোফোন পাওয়া যাচ্ছে না।
মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, নিহত মৌসুমী হিজড়া সম্প্রদায়ের নেতা ছিলেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।