এসআই হানিফ মাহমুদ
এসআই হানিফ মাহমুদ

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, আটক ২

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর সাতাইশের সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ কর্মকর্তা হলেন এসআই হানিফ মাহমুদ। তিনি টঙ্গী পশ্চিম থানায় দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ। এ সময় শাওন ও সাগর মিয়াকে আটক করার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন। এতে তাঁর পায়ে গভীর ক্ষত হয়।

আহত হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।

চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের ওই উপপরিদর্শক আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি।
শফিকুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের ওই উপপরিদর্শক আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি।